ভোটের হিসাব মেলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৫৮৩ জন। এর মধ্যে স্থানীয় ব্যক্তিদের হিসাবে ৫৭ জন মারা গেছেন আর ৫০ থেকে ৬০ জন বিদেশে রয়েছেন। অথচ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এ কেন্দ্রে ভোট পড়েছে ১ হাজার ৫৪৮টি।
নলডাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, পৌরসভার ৭ হাজার ৬৪১ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৯৩৫ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৯০ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। এখানকার ২৮টি বুথে গড়ে ২৪৭ দশমিক ৬৮ জন ভোট দিয়েছেন। এ হিসাবে প্রত্যেক ভোটার তিনজন জনপ্রতিনিধি নির্বাচনে গড়ে এক মিনিটেরও কম অর্থাৎ ৫১ সেকেন্ড সময় নিয়েছেন।
এই পরিসংখ্যানে বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচনে অংশ নেওয়া পরাজিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির পরাজিত মেয়র প্রার্থী আব্বাস আলী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এত অল্প সময়ে তিনটি পৃথক ব্যালট থেকে তিনজন প্রতিনিধি বাছাই করে সিল দিয়ে তা ব্যালট বাক্সে ফেলা অসম্ভব। একই মতামত দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে পরাজিত প্রার্থী জহুরুল ইসলাম। তিনি বলেন, এটা কল্পনা করাও যায় না। দুজনের অভিযোগ, বিজয়ী প্রার্থীরা প্রশাসনকে হাত করে আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছিলেন।
অন্তত ১০টি নির্বাচনে পোলিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতায় ৫১ সেকেন্ডে তিনটি পদে ভোট গ্রহণের এ হিসাব মেলে না।’
এ ছাড়া নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ১ হাজার ১০৮ জনের সবাই ভোট দিয়েছেন। অর্থাৎ শতভাগ ভোটার উপস্থিত হয়েছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন, এখানকার কেউ কি মারা যাননি, ভোটের দিন অন্যত্র অবস্থান করেননি বা অসুস্থ ছিলেন না। এ কেন্দ্রের মতো নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিসাবও অবিশ্বাস্য মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। নির্বাচন কর্মকর্তার হিসাবমতে, এখানকার ৭২৫ জন ভোটারের ৭২৪ জন ভোট দিয়েছেন। ভোট গ্রহণের এ ধরনের হিসাবের কাছাকাছি অবস্থানে সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার প্রদত্ত ভোটের হার ৯৭ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ ১ হাজার ৫৮৩ ভোটারের মধ্যে ১ হাজার ৫৪৮ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোট দিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের ভোটাররা। সেখানকার গতবারের কাউন্সিলর ও এবারের নির্বাচনের মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান বলেন, তাঁর হিসাবমতে ওই ওয়ার্ডের ৫৭ জন মৃত ব্যক্তির নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে, যাঁদের ভোটার পরিচিতি নম্বরসহ তিনি উল্লেখ করতে পারবেন। এ ছাড়া ৫০ থেকে ৬০ জন ভোটার দেশের বাইরে অবস্থান করছেন। সে হিসাবে এখানকার ভোটার সংখ্যা ১ হাজার ৫৪৮ হতে পারে না। তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরুর আগেই এসব ভোটারের ভোট কেটে নেওয়া হয়েছে।
এ ছাড়া বুড়িরভাগ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯৪ দশমিক ৭০, কুটিরপাড়া কেন্দ্রে ৮৬ দশমিক ৪২, হলুদঘর কেন্দ্রে ৮৬ দশমিক ৯৪, ব্রহ্মপুর কেন্দ্রে ৮৫ দশমিক ৬৬ ও সোনাপাতিল বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭৯ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে।
নলডাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই সঠিকভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কারণ, কোনো কেন্দ্র থেকেই পোলিং এজেন্টরা অভিযোগ করেননি। মৃত ব্যক্তিদের ভোট অন্য কেউ দিয়ে থাকলে তা শনাক্ত করার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পোলিং এজেন্টদের।