চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটিতে আওয়ামী লীগ এবং দুটিতে দলের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। সংখ্যায় সমান হলেও ভোটের হিসাবে দলের প্রার্থীদের তুলনায় বিদ্রোহীদের পাল্লা ভারী।
৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে কুতুবপুর ইউপিতে আওয়ামী লীগের আলি আহম্মেদ হাসানুজ্জামান ৭ হাজার ৬৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দলটির বিদ্রোহী শাখাওয়াৎ হোসেন পেয়েছেন ৫ হাজার ৫৪২ ভোট। বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ৩ হাজার ৫৪৬ ভোট পান। পদ্মবিলায় আওয়ামী লীগের আবু তাহের বিশ্বাস ৫ হাজার ৮১৩ ভোট, বিদ্রোহী প্রার্থী সেলিম মল্লিক ৪ হাজার ৫৭০ পেয়েছেন।
মোমিনপুর ইউপিতে ৪ হাজার ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। আওয়ামী লীগের প্রার্থী শেফালী খাতুন পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট। আলুকদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসলাম উদ্দীন ৬ হাজার ৮৬৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আক্তাউর রহমান ৩ হাজার ৯০১ ভোট পান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোটারের দেওয়া মোট ভোটের সবচেয়ে বেশি পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তাঁদের প্রাপ্ত ভোটের হার ৪০ দশমিক শূন্য ৬ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থীরা ৩৪ দশমিক ১৫ শতাংশ, বিএনপির প্রার্থীরা ১৪ দশমিক ৭৫ ও বিএনপি বিদ্রোহীরা ৩ দশমিক ৩৬ ভোট দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান বলেন, নৌকার সঙ্গে সাধারণত ধানের শীষের প্রতিযোগিতা হওয়ার কথা। কিন্তু বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বিএনপি-জামায়াতের সমঝোতা হওয়ায় তা হয়নি।