ভোমরা স্থলবন্দর টানা নয় দিনের ছুটির ফাঁদে
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গতকাল শুক্রবার থেকে ২ আগস্ট পর্যন্ত টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়েছে।
এবার ২৯ জুলাই সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ২৮ থেকে ৩০ জুলাই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এ ছুটি থাকবে সোম, মঙ্গল ও বুধবার তিন দিন। এর আগে ও পরে রবি এবং বৃহস্পতিবার এক দিন করে বন্দর খোলা থাকার কথা।
তবে আগামীকাল রোববার ২৭ জুলাই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকায় ওই দিনও বন্দর কার্যত বন্ধ থাকবে। আর বৃহস্পতিবার ৩১ জুলাই সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, গতকাল ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত টানা ছুটির ফাঁদে পড়েছে স্থলবন্দর। ২৭ জুলাই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকায় ওই দিনও বন্দর কার্যত বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ ২৯ জুলাই হলে ৩১ জুলাই খোলা থাকবে বন্দর। কিন্তু ৩০ জুলাই হলে ৩১ জুলাই থাকবে সরকারি ছুটি। আর তা নাহলে ৩১ জুলাই তাঁরা কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।