ভোরবেলা ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল বুধবার পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে তরকারি বিক্রেতাসহ দুজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে মফিজ উদ্দিন (৩৫) নামে একজনের পরিচয় মিলেছে।
ঢাকা সরকারি রেলপথ থানার (জিআরপি) পুলিশ জানায়, মফিজউদ্দিন খিলক্ষেত রেললাইনের পাশের কাঁচাবাজারে তরকারি বিক্রি করতেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি তরকারি নিয়ে খিলক্ষেত রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মফিজ উদ্দিন খিলক্ষেতের কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে। বাবার নাম ইসহাক প্রধান। এর আধঘণ্টা পর সকাল ছয়টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেক ব্যক্তি মারা যান। ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে জামালপুরে যাচ্ছিল। তাঁর বয়স ৫০-এর কাছাকাছি।
জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।