
বাজারের ভেতরে ঢুকতেই সুঘ্রাণ এসে নাকে লাগে। এক পা দু পা করে এগোলে ঘ্রাণের মাত্রাও বাড়তে থাকে। কোন ফুলের কত বেশি সুবাস, তার যেন প্রতিযোগিতা। শুধু সুবাসই নয়, মিলবে চোখজুড়ানো দৃশ্যও। এটি আগারগাঁও পাইকারি ফুলের বাজার।
রাজধানীর আগারগাঁওয়ের সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে এ বাজার বসে। বেগম রোকেয়া সরণি থেকে এ সড়কে ঢুকে একটু এগোলেই বাঁ পাশে দেখা যাবে বাজারটি। গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় সারি সারি ফুল। টিনের চালার নিচে বিক্রেতারা বসেছেন। চালা থেকে ঝুলছে হলুদ-কমলা রঙের গাঁদা ফুলের মালা। রজনীগন্ধার মালাও ঝুলছে। স্তূপ করে রাখা ছোট-বড় গোলাপ।
জারবারার চোখধাঁধানো রং। লাল, সাদা, গোলাপি, হলুদসহ বেশ কয়েক রঙের জারবারা বালতি ভর্তি সাজানো। সৌন্দর্যবর্ধনের জন্য পাতলা প্লাস্টিক দেওয়া। দোকানিরা বললেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সময় নিয়ে আসে। যাতে নষ্ট না হয় এবং সুন্দর থাকে, তাই চাষিরাই এভাবে পাঠিয়ে থাকেন।
আনিসুজ্জামান ১৫ বছর ধরে ফুলের ব্যবসার সঙ্গে জড়িত। ঝিনাইদহ থেকে তাঁর ফুল আসে। সেখানকার চাষিরাই ঢাকার বাজারে নিয়ে আসেন।
জানতে চাইলে আনিসুজ্জামান বলেন, ‘এই বাজার সব সময় ওঠানামা করে। আজকে বাজার তেমন ভালো না। অনেক ফুল বেচা হয় নাই। ভালো থাকলে সব বেচা হয়।’
আগারগাঁওয়ের এ বাজারে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবারা, গ্লাডিওলাস, দোলনচাঁপা ও অর্কিড পাওয়া যায় সারা বছর। এ ছাড়া মৌসুমি ফুলও ওঠে। দুই জাতের রজনীগন্ধা দেখা গেল। বস্তাভর্তি রজনীগন্ধা। মৌমাছি ভনভন করছে। মো. আমিন নামে এক বিক্রেতা বললেন, এ রজনীগন্ধাকে তাঁরা ‘সিঙ্গেল’ বলেন। এগুলোতে ঘ্রাণ বেশি থাকে। আরেক জাতের আছে, যেটাকে তাঁরা ‘ভুট্টা’ বলেন। এটা হাইব্রিড, ঘ্রাণ কম।
শেরেবাংলা নগর ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ‘ভোর রাতে ট্রাকভর্তি ফুল চলে আসে। ভোর চারটা থেকেই বেচাকেনা শুরু হয়। চলে সকাল নয়টা পর্যন্ত। তবে বাজার ভালো থাকলে সকাল সাতটার মধ্যেই সব শেষ হয়ে যায়।’
টিপু সুলতান বলেন, দেশের প্রায় ১৯টি জেলায় এখন ফুল চাষ হয়। এদের মধ্যে যশোর, ঝিনাইদহ ও সাভার থেকে ফুল আসে বেশি। সরাসরি ঢাকার ব্যবসায়ীরা নিয়ে আসেন এবং চাষিরাও নিজেদের ফুল নিয়ে এখানে আসেন। প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার ফুল বিক্রি হয়। মৌসুমগুলোতে কোটি টাকাও ছাড়িয়ে যায়।
আগারগাঁওয়ের এ পাইকারি বাজারে সর্বনিম্ন ৫০টি ফুল বিক্রি হয়। গাঁদা ফুল এক ঝোপা (২০টি মালায় এক ঝোপা) বিক্রি হয় ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। গোলাপ দুই ধরনের—লিংকন ও ম্যারিন্ডা। প্রতি এক শ লিংকন ১০০-১৫০ টাকা, আর ম্যারিন্ডা প্রতি এক শ ২৫০-৩০০ টাকা। জারবারা ৫-১০ টাকা পিস। গ্লাডিওলাসের পিস ৫-১২ টাকা। রজনীগন্ধা সিঙ্গেল এক শ পড়বে ১০০-১৫০ টাকা। হাইব্রিড ২০০-৩০০ টাকা।
টিপু সুলতান নিজেও ফুল চাষ করেন। ঝিনাইদহের কালীগঞ্জে তাঁর জমি। ফুলের ব্যবসা নিয়ে তিনি বলেন, ‘এ ব্যবসায় লস নাই। বারো মাসই চাষ হয়। পাঁচ-সাত বছর আগেও বিদেশ থেকে ফুল আনতে হতো। এখন বেশির ভাগ ফুল দেশেই চাষ হচ্ছে।’ তিনি আরও বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চাহিদা সবচেয়ে বেশি। ঢাকায় ফুলের স্থায়ী কোনো বাজার নেই। শাহবাগ ও আগারগাঁওয়ে দুটি বাজার। আগারগাঁওয়ের এ বাজার আগে খামারবাড়িতে ছিল। প্রায় আড়াই বছর আগে সেখান থেকে চলে আসেন। টিপু বলেন, ‘এটা স্থায়ী না। স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। কিন্তু স্থায়ী জায়গা করে দিলে আমরা ছেড়ে দিব। ট্যাক্স, ভ্যাট—সবই দিব, কিন্তু স্থায়ী জায়গা চাই।’
বেলা বাড়ছে। বিক্রেতারা অবিক্রীত ফুলগুলো গুছিয়ে রাখছেন। ভালো থাকলে পরের দিন বিক্রি হবে। নয়তো উঠবে ময়লার গাড়িতে।
এত সব ফুলের মধ্যে হঠাৎ চোখে পড়ল পাতার মালা। কাছে গিয়ে জানা গেল, এটা দেবদারু পাতা দিয়ে তৈরি। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ সাজানোর কাজে এগুলো ব্যবহৃত হয়। সাহিল আহমেদের ভাইয়ের বিয়ে। নিজেরাই সাজানোর কাজ করবেন। আগারগাঁও থেকে রজনীগন্ধা, গোলাপ ও গাঁদা ফুল কিনলেন। সাহিল বলেন, ‘এ ফুলের বাজারে এলে মনে হয়, নিজেরাই ব্যবসায় নেমে পড়ি।’