ভোলা-লক্ষ্মীপুর নৌপথের সি-ট্রাক আবার বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলা একমাত্র সি-ট্রাক খিজির-৭ গত শনিবার দুপুরে আবার বিকল হয়ে যায়। গত ২০ দিনে এ নিয়ে দুবার সি-ট্রাকটি বিকল হলো।
এতে ঈদে ঘরেফেরা যাত্রীরা চরম দুর্ভোগ নিয়ে ট্রলারে করেই মেঘনা পাড়ি দিয়ে গন্তব্যে ফিরছেন।
সি-ট্রাকের মাস্টার নজরুল ইসলাম বলেন, গত শনিবার দুপুরে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ঘাট থেকে সি-ট্রাক খিজির-৭ ভোলা ঘাটে আসার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেটির সংস্কার চলছে। কবে নাগাদ সংস্কার হবে তা বলা যাচ্ছে না।
সি-ট্রাকের ইজারাদার ইয়ানুর রহমান বলেন, ‘সি-ট্রাক বিকল হওয়ার পর আমরা বিকল্প সি-ট্রাক চেয়েও পাইনি। বিআইডব্লিউটিসি ইচ্ছে করে বিকল্প সি-ট্রাক দিচ্ছে না। আবার এক ট্রিপের বেশি ট্রিপও বাড়াচ্ছে না।’