ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল আবার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার ভাঙনে ইলিশা ফেরিঘাট আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে গতকাল মঙ্গলবার রাত থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। াঙনের কারণে গত এক মাসের মাথায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘাটটি বিচ্ছিন্ন হলো।

ঘাটে আটকে পড়া কমপক্ষে ৫০টি গাড়ির চালক বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রামের সহজ যোগাযোগের নৌপথ ভোলা-লক্ষ্মীপুর। প্রতিদিন এই পথে কয়েক শ পণ্যবাহী পরিবহন ও যাত্রীবাহী বাস চলাচল করে। এই পথে বছরের নানা মৌসুমে মাছ, সবজি, তরমুজ, আলুসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা হয়। তখন যানবাহনের চাপ বেড়ে যায়। বর্তমানে তরমুজের মৌসুম চলছে। এখন আটকা পড়ে তরমুজবোঝাই ট্রাকচালক ও ব্যাপারীরা ক্ষতির শিকার হচ্ছেন।

গত ১৩ মার্চ একবার ভাঙনের ফলে ঘাটে গাড়ি ওঠানামা বন্ধ হয়। তারপর বিআইডব্লিউটিএ ঘাট সংস্কার করে। ছয় দিন পর আবার চালু করে। আবার সোমবার রাতে ঘাটটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিআইডব্লিউটিসির ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ‘লক্ষ্মীপুর ঘাট থেকে গাড়ি বোঝাই ফেরি “কিষানি” ছেড়ে আসার পর ইলিশা ঘাটে এসে আটকে আছে। ওই ফেরির ১২টি গাড়ি নামাতে পারেনি। তার আগেই ঘাটটি বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে যায়। জরুরি ভিত্তিতে বিকল্প নৌপথ হিসেবে ভেদুরিয়া-মজু চৌধুরীর হাট নৌপথটি ব্যবহার করার প্রস্তাব করেছি।’