ভোলা সদর হাসপাতালে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর হাসপাতালে গত মঙ্গলবার রাতে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ডায়রিয়াজনিত কারণে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
ওই ছাত্রীর নাম নূপুর আক্তার (১৩)। সে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. শাহজাহানের একমাত্র মেয়ে। সে ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছিল।
থানা-পুলিশ সূত্র জানায়, মেয়েটিকে গত মঙ্গলবার বিকেলে ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়। এরপরই গ্রামবাসী হাসপাতালে হামলা করে ২০টি জানালা-দরজাসহ আসবাব ভাঙচুর করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেয়েটির পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
নূপুরের মা রুনা বেগম বলেন, মঙ্গলবার দুপুরে ফেলে রাখা চালতা ফল খাওয়ার পর নূপুর অসুস্থ হয়। এরপর তাকে পুকুরে গোসল করানো হয়। এরপর তার বমি ও ডায়রিয়া দেখা দেয়। অবস্থা গুরুতর হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা কর্মকর্তা আয়েশা সুমাইয়া তাকে চিকিৎসা দেন। চিকিৎসক প্রথমে তাকে স্যালাইন দেন। এতেও উন্নতি না হলে ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মেয়ে মারা যায়।
মো. শাহজাহান ও রুনা বেগম বলেন, ভুল চিকিৎসার কারণে নূপুরের মৃত্যু হয়েছে। হাসপাতালের লোকজন ভয়ে ওই ইনজেকশনের বাক্সটি লুকিয়ে ফেলেছেন; সম্ভবত ওগুলোর মেয়াদ ছিল না। ইনজেকশন দেওয়ার পরই নূপুরের নাক-মুখ থেকে লালা বের হচ্ছিল। চিকিৎসক এসে বলেন, নূপুর ব্রেইন স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) মারা গেছে। এর সুষ্ঠু বিচার চাই।
জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, চিকিৎসক ভুল চিকিৎসা দেননি। ওই ইনজেকশনের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত ছিল। এ ঘটনা তদন্তে হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সামি আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। তদন্ত রিপোর্টে দেখা গেছে, মেয়েটির অবস্থা সংকটাপন্ন ছিল। ওই অবস্থায় রোগী সাধারণত টেকে না।