ভোলাকে আবারও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ। কিন্তু রিমান্ডে ভোলা গুরুত্বপূর্ণ কোনো তথ্য না দেওয়ায় তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন
করা হয়।
গতকাল রোববার বিকেলে ভোলাকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলেও শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা।
এদিকে গত ২২ জুন চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে। পলাতক রয়েছেন আরেক আসামি কালু।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ভোলাকে প্রথম দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও অনেকগুলো প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। এ জন্য দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।