ভোলার গ্যাসের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত হবে কবে?
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে দুটি কূপ খনন করা আছে। সে দুটি থেকে দৈনিক তিন কোটি ঘনফুট গ্যাস তোলা যায়। কিন্তু ব্যবহারের জায়গা নেই। তাই তোলা হচ্ছে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট। তবে স্থানীয় বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলে গ্যাস তোলা হয় আরও কম।
অথচ সেখানে দৈনিক সাত কোটি ঘনফুট গ্যাস প্রক্রিয়াকরণ করে সরবরাহের জন্য প্রসেস প্লান্ট করে রাখা হয়েছে। ভোলা সদরে ২০ কিলোমিটার পাইপলাইন করা আছে। সম্প্রতি আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া শুরু হয়েছে। তবে ভোলার গ্যাসের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত হয়নি। কবে তা হবে তাও নিশ্চিত নয়।
এখন আবার রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমকে দিয়ে আরও দুটি নতুন কূপ খনন করানো হচ্ছে। গতকাল শুক্রবার এর একটি (তিন নম্বর) কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এবং বাপেক্স ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন দুটি কূপ থেকেও দৈনিক অন্তত তিন কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। কিন্তু ব্যবহারের ক্ষেত্র তৈরি না হওয়ায় এই দুটি কূপও উৎপাদনহীন অবস্থায় পড়ে থাকবে আরও অন্তত এক বছর।
কারণ, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর ক্ষেত্রের এই গ্যাস ব্যবহারের জন্য ভোলায় ২২৫ মেগাওয়াট ক্ষমতার যে বিদ্যুৎকেন্দ্রটি করা হচ্ছে, তার কাজ শেষ হতে আরও বছর খানেক লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
অবশ্য গতকাল ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই বিদ্যুৎকেন্দ্র আংশিক চালু হবে। ভোলা শিগগিরই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে অন্য জেলায় পাঠাতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শাহবাজপুর গ্যাসক্ষেত্রের গ্যাস ব্যবহারের পরিকল্পনাও পূর্ণাঙ্গ নয় বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাঁরা বলেন, এই গ্যাসক্ষেত্রটি অনেক সমৃদ্ধ। দেশের অন্যান্য ক্ষেত্রে গ্যাসের প্রাকৃতিক চাপ যেমন কখনোই চার হাজার পিএসআইয়ের (প্রতি ইঞ্চিতে চার হাজার পাউন্ড) বেশি ছিল না, সেখানে এই ক্ষেত্রে গ্যাসের চাপ প্রায় পাঁচ হাজার পিএসআই।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, শাহবাজপুরের গ্যাস ব্যবহারের পূর্ণাঙ্গ পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা গেলে প্রাকৃতিক জ্বালানিবঞ্চিত দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার বিস্তীর্ণ এলাকার অর্থসামাজিক অবস্থা আমূল বদলে যেতে পারে। ক্ষেত্রটিতে কী পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা নির্ধারণের জন্য বাপেক্স অবশ্য ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে।