ভোলার চরে গলা ফোলা রোগে মরছে গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে গলা ফোলা রোগে শতাধিক গরু-মহিষ ও ছাগল-ভেড়া মারা গেছে। রোগাক্রান্ত পশু মরা বাচ্চা জন্ম দিচ্ছে। এক মাস ধরে এ সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ওই চরে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।
গতকাল শনিবার ওই এলাকায় গলা ফোলা রোগ ও অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে। ভুল চিকিৎসা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের কারণে গবাদিপশু গলা ফোলা রোগে আক্রান্ত হতে পারে এবং মৃত বাচ্চা প্রসব করতে পারে।
কৃষকেরা বলেন, নেয়ামতপুর চরের ফিরোজ বাঘার বাথানে গত এক মাসে সফিকুল ইসলাম হাওলাদারের তিনটি, আলী আকবরের চারটি, নুর নবী বাঘার পাঁচটি, আবদুল হান্নানের দুটি, মো. জসিমের তিনটি, দুলালের চারটিসহ ৪৬টি মহিষ মারা গেছে। একই সঙ্গে রোগে আক্রান্ত মহিষ ৩০টির মতো মরা বাচ্চা প্রসব করেছে। মহিষ ছাড়াও চরের তছির আহমেদের ১১টি ভেড়া ও ছয়টি ছাগল, মো. মোস্তফার চারটি ছাগল, বাবুল মাঝির দুটি ছাগল, মো. শাজাহানের পাঁচটি ছাগলসহ শতাধিক ছাগল ও ভেড়া মারা গেছে।
কৃষক ফিরোজ বাঘা বলেন, তাঁর ৬টি মহিষ ও ৩২টি ভেড়া মারা গেছে। প্রথমে মহিষের খাওয়া বন্ধ হয় এবং জ্বর আসে, এরপর পেট ও গলা ফুলে মারা যায়। একই সমস্যা গরু, ছাগল ও ভেড়ার। এ জন্য তাঁরা পল্লিচিকিৎসকের পরামর্শে টাইজন, ইবাসেফ, এক্টাবেট ও ববি পাউডার ব্যবহার করেছেন। এতে কখনো উপকার পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যাচ্ছে না।
মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক দৌলত ও গ্রামপুলিশ জাহাঙ্গীর আলমের ভাষ্যমতে, গত সপ্তাহে জাফর কলোনির দুলালের একটি গরুসহ গত দুই মাসে ইউনিয়নে ১২টি গরু মারা গেছে। এ ছাড়া অসংখ্য ছাগল ও ভেড়া মারা গেছে।
নেয়ামতপুরের কৃষক বাবুল মাঝি, মো. শাজাহানসহ অন্তত ২০ জন কৃষক বলেন, দুর্গম চরাঞ্চলে কয়েক হাজার গবাদিপশু, হাঁস-মুরগি পালন করা হলেও মাঠপর্যায়ে কোনো পশু চিকিৎসক নেই। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যে চিকিৎসকেরা বসেন, তাঁরা ওই চরে আসেন না। বাধ্য হয়ে কৃষকেরা নিজস্ব পদ্ধতিতে এবং পল্লিচিকিৎসক দিয়ে গবাদিপশুর চিকিৎসা করাচ্ছেন। বর্তমানে গবাদিপশুর নানা রকম রোগ হচ্ছে। মারাও যাচ্ছে বেশি। আগে শীতে কোনো রোগ দেখা দিত না। এখন শীতেও গবাদিপশু রোগে আক্রান্ত হচ্ছে। একটি গবাদিপশু মরলে গরিব কৃষকের কয়েক হাজার টাকার ক্ষতি হচ্ছে। তাই এসব চরে স্থায়ী চিকিৎসক দরকার।