ভোলার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য কী, বলছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে সরাসরি স্বীকার করতে চাননি আসামি এহতেশামুল হক ওরফে ভোলা। তবে তাঁর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ। কী সেই তথ্য, তা তদন্তের স্বার্থে জানাতে চাননি মামলার তদন্ত কর্মকর্তা। অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় ভোলাকে।
একসময় বাবুল আক্তারের সোর্স হিসেবে কাজ করতেন ভোলা। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র মুছাকে (হত্যার পরিকল্পনাকারী) সরবরাহ করেন ভোলা। এ মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার জবানবন্দিতে একই কথা উল্লেখ করেছেন। হত্যাকাণ্ড শেষে ওই অস্ত্র আবার ভোলাকে ফেরত দেওয়া হয়। মুছাও বাবুল আক্তারের সোর্স হিসেবে কাজ করতেন।
গত ২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার রিকশাচালক মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে। হত্যাকাণ্ড শেষে অস্ত্র ভোলাকে ফিরিয়ে দেওয়ার পর তা মনিরের (ভোলার সহযোগী) কাছে জমা রাখা হয়। গত বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে মনির এ কথা স্বীকার করেন।
অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি ভোলা জিজ্ঞাসাবাদে এ মামলায় জড়িত থাকার কথা কৌশলে স্বীকার না করলেও তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার সপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
এদিকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ভোলাসহ মুছার ভাই সাইদুল শিকদার ওরফে সাকু ও হত্যাকাণ্ডে অংশ নেওয়া মো. শাহজাহানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ভোলা, মুছার ভাই সাকু ও শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে ঈদের আগে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।
গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন।
আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর মুছাকে গত ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে। পলাতক রয়েছেন আসামি কালু।