ভোলার শিশুরা যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে
ভোলায় শিশুদের জন্য যক্ষ্মা প্রতিষেধক ওষুধ নেই। নেই সরকারি হাসপাতালে শিশুদের যক্ষ্মা শনাক্তকরণের জন্য পরীক্ষার ব্যবস্থা। ফলে নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুদের যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ব্র্যাক ও জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) ভাষ্য, একজন প্রাপ্তবয়স্ক যক্ষ্মা রোগীর আশপাশের শিশুদের যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া শিশু জন্মের ছয় সপ্তাহের মধ্যে বিসিজি টিকা দেওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হচ্ছে ২৮ থেকে ৪৫ দিন পর। এ সময় শিশুর যক্ষ্মায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া শিশুকে যে বিসিজি টিকা দেওয়া হচ্ছে তাও শতভাগ কার্যকর নয়। বিশেষজ্ঞদের ভাষ্য, বিসিজি ১০ থেকে ৮০ ভাগ কার্যকর।
ঝুঁকিতে থাকা শিশুকে যক্ষ্মামুক্ত রাখার দুটি পথ আছে। একটি পুনরায় বিসিজি টিকা দেওয়া ও অপরটি তাকে প্রতিষেধক চিকিৎসার আওতায় আনা। কিন্তু ভোলায় দুটি পদ্ধতির একটিও প্রয়োগ হচ্ছে না। একই সঙ্গে প্রতিষেধক চিকিৎসার ওষুধ নেই বলেও অভিযোগ আছে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিষেধক চিকিৎসা হচ্ছে, শিশুর ওজন অনুপাতে টানা ছয় মাস আইসোনিয়াজাইক নামের ওষুধ খাওয়াতে হয়। শিশুর ওজন এক কেজি হলে প্রতিদিন ১০ মিলিগ্রাম করে ওষুধ ছয় মাস টানা খাওয়াতে হবে। এ প্রক্রিয়াকে আইসোনিয়াজাইক প্রিভেনশন থেরাপি (আইপিটি) বলা হয়।
এ ছাড়া শিশুর যক্ষ্মা শনাক্তকরণে আটটি পরীক্ষা পদ্ধতি আছে। যার কোনোটি ভোলার সরকারি হাসপাতালে হচ্ছে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো ব্যয়বহুল বলে দরিদ্র রোগীদের পক্ষে এর ব্যয় বহন করা কষ্টসাধ্য।
ভোলা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ চিকিৎসক (কনসালটেন্ট) আবদুল কাদের বলেন, শিশুদের যক্ষ্মা শনাক্ত করা ও নিয়ন্ত্রণের কাজটি খুবই কঠিন। বড়দের শ্বাসনালি বা ফুসফুস থেকে নির্গত লালা, কফ, থুতু পরীক্ষা করলে এটি শনাক্ত করা সম্ভব। কিন্তু শিশুরা কফ-থুতু খেয়ে ফেলে। এ জন্য তাদের কফ-থুতু পাওয়া যায় না। নবজাতক থেকে শুরু করে পাঁচ বছরের শিশুদের যক্ষ্মা শনাক্ত করতে গেলে লক্ষণ-উপসর্গ দেখে পরীক্ষাগারে পাঠাতে হয়। কিন্তু ভোলার সরকারি হাসপাতালে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই।
সম্প্রতি কয়েকজন আক্রান্ত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপসর্গ বুঝে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শিশুদের পাঠাননি। এমনটি হলে শিশুরা আরও আগে সেরে উঠত বলে মনে করেন তাঁরা।
ভোলা বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডি এস এম জাকির হোসেন ও জেলা ব্র্যাকের ব্যবস্থাপক মোসলেম আলী শিশুদের প্রতিষেধক চিকিৎসার আওতায় না আনা, ওষুধের সংকট, ব্র্যাক ও সরকারি স্বাস্থ্য বিভাগের অলসতার কথা স্বীকার করে বলেন, এসব কিছু ছাড়াও শিশুর পরিবারে নেতিবাচক মানসিকতা রয়েছে। বেশির ভাগ পরিবার শিশুকে লম্বা সময়ের জন্য প্রতিষেধক চিকিৎসায় অন্তর্ভুক্ত করতে চায় না। আইপিটির ওষুধেরও স্বল্পতা আছে।
জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, ‘ওষুধ আসার পরে ব্যবহার না হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, এ জন্য আর আনানো হয় না। তা ছাড়া স্বাস্থ্যকর্মীরা শিশুর যক্ষ্মার পরীক্ষার ব্যাপারে প্রচারে অলসতা দেখাচ্ছেন। সরকারি হাসপাতালে শিশুর যক্ষ্মার পরীক্ষা যাতে ভবিষ্যতে হয় ও ওষুধ-সংকট না থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকব।’