ভোলার ১১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
অমাবস্যা ও পূর্ণিমা এলেই আতঙ্কিত হয়ে পড়ছে ভোলার ২১ লাখ মানুষ। ওই সময় সৃষ্ট অস্বাভাবিক জোয়ার আছড়ে পড়ছে জেলার ৪৫৬ কিলোমিটার বেড়িবাঁধে। অনেক স্থানে বাঁধই নেই। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন এলাকা।
ভোলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় জানায়, উচ্চ জোয়ার, জলোচ্ছ্বাস ও বন্যা নিয়ন্ত্রণে ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার ৫৬ ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার চারদিকে প্রায় ৩০০ কিলোমিটার, মনপুরা উপজেলার চারদিকে ৭৬ কিলোমিটার এবং চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ও মুজিব নগর ইউনিয়নের চারদিকে ৮০ কিলোমিটারসহ ৪৫৬ কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ৬০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে পাউবো প্রায় ৩৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন বাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কার্যাদেশ দিয়েছে; যার দর প্রায় ৪১ কোটি টাকা। গত জুন মাসের আগেই ওই বাঁধ নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি।
একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, বর্ষার আগে নতুন বাঁধ নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১৫ কিলোমিটার বাঁধের কাজ এখনো শুরুই হয়নি। ঠিকাদার না পাওয়ায় পাউবো স্থানীয় কিছু ব্যক্তিকে ওই কাজের দায়িত্ব দেয়। ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় বাকি ২০ কিলোমিটার বাঁধের মধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গত শনিবার থেকে গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে বাঁধের অন্তত ১৩টি স্থান দিয়ে অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়। আরও ১৫০টি স্থান ক্ষতিগ্রস্ত আছে, যেখান দিয়ে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছে পাউবো।
এ ছাড়া ভোলার নয়টি ইউনিয়নে কোনো বাঁধ নেই। একটু উচ্চ জোয়ার হলেই ওইসব ইউনিয়ন তলিয়ে যায়। ইউনিয়নগুলো হচ্ছে: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া, রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুর, কাঁচিয়া ইউনিয়নের পূর্ব কাঁচিয়া; দৌলতখান উপজেলার মদনপুর ও হাজীপুর; তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন; মনপুরা উপজেলার কলাতলী এবং চরফ্যাশন উপজেলার ঢালচর। এসব ইউনিয়নে লক্ষাধিক পরিবার বসবাস করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বাঁধ নির্মাণ করার পরে সেই বাঁধ একবারও সংস্কার করা হয়নি। বাঁধ ভাঙলেই নতুন নির্মাণ করা হয়, সংস্কার হয় না। অথচ প্রতিবছর বাঁধ সংস্কার করা দরকার।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, টাকার সংকটে ঠিকাদার কাজ করছেন না। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও বাঁধ নির্মাণ শেষ হচ্ছে না। এ বছর ৪১ কোটি টাকার বিপরীতে মন্ত্রণালয় আমাদের দিয়েছে প্রায় আট কোটি টাকা। তাও পাঁচ কোটি টাকা এখনো হাতে পাইনি। তিন-চারবার দরপত্র আহ্বান করার পরেও শিডিউল বিক্রি না হওয়ার নজির আছে।