ভোলার ১৬টি ঘাটে পন্টুন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে পন্টুন থাকলেও কোনো গ্যাংওয়ে ও সংযোগ সড়ক নেই। তাই এভাবে নৌকায় করে নয়তো হাঁটুপানি ভেঙে লঞ্চে ওঠানামা করতে হয়। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে পন্টুন থাকলেও কোনো গ্যাংওয়ে ও সংযোগ সড়ক নেই। তাই এভাবে নৌকায় করে নয়তো হাঁটুপানি ভেঙে লঞ্চে ওঠানামা করতে হয়। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

ভোলার ২৯টি লঞ্চ ও ফেরিঘাটের মধ্যে ১৬টিতেই কোনো পন্টুন নেই। যে ১৩টিতে পন্টুন রয়েছে, সেগুলোতে নেই গ্যাংওয়ে, নিরাপত্তা বর্তনী ও সংযোগ সড়ক। এতে লঞ্চ থেকে ওঠানামা করতে গিয়ে কাদাপানি মাড়াতে হয়। প্রায় সময় ঘটে দুর্ঘটনা।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘আমি নিজেই লঞ্চ ও ফেরিঘাটের দুরবস্থার শিকার। সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
গত মঙ্গলবার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে গিয়ে চোখে পড়ে যাত্রীদের দুর্ভোগের চিত্র। এ ঘাট দিয়ে ঢাকা ও লক্ষ্মীপুর-রামগতি পথে লঞ্চ চলাচল করে। পন্টুনটি অনেকটাই ভাঙাচোরা। মেঘনা নদীর দিকে বাঁক (কাত) করা। ঢেউ এলে পন্টুনটি দোল খায়। পন্টুন থেকে মাটির সংযোগ সড়কের দূরত্ব ২০ হাত। এখানে একটি গ্যাংওয়ে থাকার কথা। গ্যাংওয়ের পরিবর্তে দুটি কাঠের সিঁড়ির ওপর দিয়ে যাত্রীদের পার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ সিঁড়ি দুটি কর্দমাক্ত ও পিচ্ছিল থাকে। এরপর প্রায় ২০০ হাত লম্বা একটি সংযোগ সড়ক। এর মধ্যে শতাধিক গর্ত। সেগুলোতে সব সময় পানি ভর্তি থাকে। বেশির ভাগ জোয়ারের সময় সড়কটি পানিতে ডুবে থাকে।
ঘাটের ইজারাদারের প্রতিনিধি ইকবাল হোসেন, যাত্রী কাজী জামালসহ একাধিক যাত্রীর ভাষ্য, ভোরে শত শত যাত্রী লঞ্চ থেকে নামেন। তখন কেউ না কেউ কাদাপানিতে পড়বেনই। আবুল হোসেন, বশিরুল্যাহ, নজরুলসহ একাধিক ঘাটশ্রমিক মাল নামাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
তজুমদ্দিন উপজেলায় চৌমহনী ও দৌরনীর খাল নামে দুটি লঞ্চঘাট আছে। সেখানে ঢাকা-মনপুরাসহ অন্যান্য ঘাটের লঞ্চ ও সি-ট্রাক নোঙর করে। হেলাল উদ্দিন নামের এক যাত্রী বলেন, ‘দুটি লঞ্চঘাটের দুটি পন্টুনের সঙ্গে গ্যাংওয়ে ও সংযোগ সড়ক নেই। দুটি তক্তা (সিঁড়ি) দিয়ে যাত্রীরা ওঠানামা করেন। বর্ষায় বেশির ভাগ সময় যাত্রীরা কাদাপানিতে ভিজে ঈদে বাড়ি ফিরছে।’
ওই দুটি লঞ্চঘাটের মতো অবস্থা আরও ১১টি লঞ্চঘাটের। ঘাটগুলো হচ্ছে সদর উপজেলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট, ইলিশা লঞ্চঘাট; লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চঘাট, চরফ্যাশন উপজেলার বেতুয়া, ল্যাতরা, কলমী, চর বকশি ও ঘোষেরহাট; মনপুরা উপজেলার রামনেওয়াজ ও বোরহানউদ্দিন উপজেলার হাকীমউদ্দিন লঞ্চঘাট।
এদিকে প্রতিদিন শত শত যাত্রী ওঠানামা করলেও ভোলার ১৬টি ঘাটে পন্টুন নেই। কয়েকটি স্থানে পন্টুন থাকলেও তা অন্যত্র ভেসে গেছে। পন্টুন না থাকা ঘাটগুলো হলো সদর উপজেলার বঙ্গের চর, বিশ্বরোডের মাথা, নাদোর মিয়ার হাট, কাঠির মাথা, দাসের হাট ও তুলাতুলী; বোরহানউদ্দিন উপজেলার রিয়াজনগর খেয়াঘাট, দেউলা-সাচড়া ও গঙ্গাপুর; লালমোহন উপজেলার প্রধান খেয়াঘাট লঞ্চঘাট, কাটাখালী, কচুখালী ও খালগোড়া; চরফ্যাশন উপজেলার সামরাজ ও আইচা এবং মনপুরা উপজেলার হাজিরহাট সি-ট্রাক ঘাটে কোনো পন্টুন নেই। ওই সব স্থানে লঞ্চ নদীতেই থামিয়ে যাত্রী ওঠানামা করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভোলার পরিদর্শক নাসিম আহমেদ বলেন, ‘ভোলা সদর উপজেলার একমাত্র খেয়াঘাট লঞ্চঘাট ছাড়া সবগুলো ঘাটের যাত্রীরা লঞ্চে ওঠানামায় নিরাপত্তাহীনতা ও চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘাটের দুরবস্থার কথা কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’
তবে বরিশাল নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. শাহজুল হক বলেন, ‘ঘাটে পন্টুন নেই বা ঝড়ে ক্ষতিগ্রস্ত—এ ব্যাপারে আমাদের কাছে কেউ চাহিদা দেয়নি। কেউ তদবিরও করেনি। চাহিদা দিলে চিন্তা করে দেখব আদৌ পন্টুন দরকার কি না। আর গ্যাংওয়ে ও সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব প্রকৌশল বিভাগের।’
বরিশাল বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহনাজ কবীর বলেন, ‘ঝড়-জলোচ্ছ্বাসে ঘাটগুলো এমনিতেই ক্ষতিগ্রস্ত। তার ওপর ঘাট সংস্কারে কোনো বরাদ্দ নেই। কয়েকটি প্রকল্প জমা আছে। খোঁজখবর নিয়ে সংস্কারের চেষ্টা করব। তবে ঈদের আগে সম্ভব হবে না।’