ভোলার ৪৩ ইউনিয়ন পরিষদে আ.লীগের ৩৫ 'বিদ্রোহী'
ভোলার ৪৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত সোমবার ১৭১ জন চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে ৩৫ জন আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’। তাঁরা কেউ বর্তমান চেয়ারম্যান, কেউ আওয়ামী লীগের নেতা, কেউ বা দলটির নেতাদের আত্মীয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তারা বলেন, সদর উপজেলার ১০টি ইউপিতে ৪৭ জন চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাতটি ইউপিতে আওয়ামী লীগের শক্ত ‘বিদ্রোহী প্রার্থী’ আছেন। বোরহানউদ্দিন উপজেলার নয়টি ইউপিতে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আটটি ইউপিতে ‘বিদ্রোহী’ রয়েছেন। লালমোহন উপজেলার চারটি ইউপিতে ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে চারটিতেই হেভিওয়েট ‘বিদ্রোহী প্রার্থী’ আছেন। তজুমদ্দিন উপজেলায় তিনটি ইউপিতে আটজন প্রার্থীর মধ্যে তিনজন ‘বিদ্রোহী’। দৌলতখান উপজেলার ছয়টি ইউপিতে ১৮ জন প্রার্থীর মধ্যে পাঁচজন ‘বিদ্রোহী প্রার্থী’। চরফ্যাশনে ১০টি ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আটটি ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ মার্চ ভোলাসহ দেশের ৭৫২টি ইউপিতে প্রথম দফায় ভোট নেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন দলের একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলে আচরণবিধি ভঙ্গের নজির বেশি সৃষ্টি হবে। সে ক্ষেত্রে দল, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনকে সজাগ থাকতে হবে। আমরা ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনকে চিঠি দিয়েছি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীদের জয়কে বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। এতে ভোটে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের বলেন, দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহার না করলে বিদ্রোহীদের বহিষ্কার করা হবে।