ভোলায় আ.লীগ ও বিএনপির প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ভোলা পৌরসভা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী একে অপরের বিরুদ্ধে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন। একই দিন প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা করেছেন।
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ সদর রোডে অবস্থিত ছাত্রদলের কার্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, গত শুক্রবার আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ইব্রাহীম খোকন তাঁর (হারুন অর রশিদ) কর্মী সবুজকে লিফলেট বিতরণের সময় আলগী এলাকায় মারধর করেন। গত শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন ও সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে একদল কর্মী তাঁর পক্ষে লিফলেট বিতরণ করেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁরা শহরের কাশিশ্বর সেতুর কাছে এলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান অস্ত্র বের করে তাঁদের ধাওয়া করেন। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল সম্পাদককে মারধরও করেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ভোলা প্রেসক্লাবে গতকাল বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ সত্য নয়। আলগীতে বিএনপির প্রার্থীর কোনো কর্মীকে মারধর করা হয়নি। যে ছেলেটি তাঁর (মনিরুজ্জামান) প্রচারণা ব্যাহত করেছে, তাকে বকাঝকা করা হয়েছে। ওই ছেলে পৌরসভার ভোটার নয়। যে ভোটার নয়, সে বিএনপির প্রার্থীর কর্মী হয় কীভাবে। এ ছাড়া গত শনিবার রাতে কাশিশ্বর সেতুর কাছে ছাত্রদলের একদল সন্ত্রাসী তাঁর পথরোধ করে। এ নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে তাদের থামিয়ে দেন। তিনি কোনো অস্ত্র প্রদর্শন করেননি।
এ ছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা করেন। এ সময় সুব্রত কুমার শিকদার বলেন, যদি বিধি না মানেন, তাহলে ভ্রাম্যমাণ আদালত প্রার্থীদের জেল-জরিমানা করবেন। সেটি হবে আপনাদের জন্য লজ্জার। সভায় ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে। আপনারা কেউ আচরণবিধি লঙ্ঘন করবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অবশ্যই শাস্তি পেতে হবে।’