ভোলায় এখনো পাকিস্তান বাজার!
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন। তেঁতুলিয়া নদীতে জেগে ওঠা জনপদ। এ ইউনিয়নের একটি বাজারের নাম পাকিস্তান বাজার। ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানের জন্ম হলে বাজারটির ওই নাম দেওয়া হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার ৪৩ বছরেও নামটি পরিবর্তন করা হয়নি। স্থানীয় লোকজন জোরের সঙ্গে নামটি পরিবর্তনের দাবি জানিয়েছেন।
ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের শিক্ষক মমিন উদ্দিন (৯০) বলেন, ১৯৪৯ সালে পাকিস্তান বাজারটি গড়ে ওঠে। এ অঞ্চলে এই বাজারটির ছিল সবচেয়ে বড় বাজার। সপ্তাহে দুদিন হাট বসত। বাজার-সংলগ্ন ভেলুমিয়া নদী দিয়ে নৌকায় করে সরাসরি ভোলা ও বরিশাল শহরে যাতায়াত করতেন স্থানীয় বাসিন্দারা। এখন বাঁধ ও পাকা রাস্তা হওয়ায় গাড়িতে করেই স্থানীয় লোকজন শহরে যাতায়াত করেন। এ বাজারে এখন নিয়মিত বেচাকেনা হলেও হাট বসে না। মমিন উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘ভরা হাট শূন্য হলো, সব পাল্টাল, পাকিস্তান বাজারের নাম পাল্টাল না।’
মুক্তিযোদ্ধা বজলুল রহমান বলেন, যুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাজারে ঘাঁটি গড়ে তোলেন। এ সময় তাঁরা এ বাজারটির নাম দিয়েছিলেন বাংলাবাজার। দেশ স্বাধীন হওয়ার পরও আনুষ্ঠানিকভাবে ওই নাম চালু হয়নি। কাগজে-কলমে এখনো নাম পাকিস্তান বাজারই রয়ে গেছে। নামটি পরিবর্তন করা দরকার।
গতকাল সোমবার পাকিস্তান বাজারে গিয়ে দেখা গেছে, সেখানকার প্রতিিট দোকান ও স্থাপনায় টাঙানো সাইবোর্ডে ‘পাকিস্তান বাজার’ লেখা। স্থানীয় বাসিন্দারা নামটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে বাংলাবাজার অথবা কুঞ্জপট্টি বাজার রাখার দাবি জানান।
ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুব আলম বলেন, স্বাধীনতার পর এত কিছুর নাম পরিবর্তন হলেও পাকিস্তান বাজারটির নাম পরিবর্তন করার কথা কেউ চিন্তা করেনি। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো সভায় নামটি পরিবর্তন করার প্রস্তাব রাখবেন।
দৃষ্টি আকর্ষণ করা হলে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। শিগগিরই বাজারটির নাম পরিবর্তন করে অন্য নাম রাখা হবে।