ভোলায় চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার
ভোলা শহরের নতুন বাজার চত্বর থেকে গত সোমবার বিকেলে তোফাজ্জেল হোসেন পোদ্দার ওরফে বাচ্চু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি, বদলি, জামিন ও কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন টাকা ফেরত ও তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।
ভোলা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ভোলার প্রভাবশালী মন্ত্রী-সাংসদের নাম ভাঙিয়ে তোফাজ্জল দালালি করতেন। আটকের পর তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তোফাজ্জল গত পাঁচ বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, বদলি, ভর্তি, জামিনসহ নানাভাবে দালালি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কাজ করে দিতে না পারলেও তিনি ওই টাকা ফেরত দেননি।