ভোলায় চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বেকার জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে শতাধিক জেলে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা ইউএনও মৃধা মো. মোজাহিদুল ইসলামের কাছে লিখিত আবেদন করেছেন। তাঁরা নিয়ম মেনে চাল বণ্টনের দাবি জানান।
আবেদনপত্রে বলা হয়, ভোলার ধনিয়া ইউনিয়নের প্রকৃত বেকার জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল তাঁদের না দিয়ে অন্য পেশার লোকদের দেওয়া হয়েছে। আবার তালিকাভুক্ত অনেককে চাল না দিয়ে তা লোপাট করা হয়েছে। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আট মাস (নভেম্বর-জুন) জাটকা সংরক্ষণ মৌসুম। এর মধ্যে দুই মাস (মার্চ ও এপ্রিল) ভোলার নদীসহ পদ্মা-মেঘনায় জাল ফেলা, মাছ শিকার, বহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এ সময় বেকার জেলেদের জন্য সরকার চার মাস (মার্চ-জুন) ৪০ কেজি করে ১৬০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ করেছে।
ইউএনও বলেন, মৎস্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।