ভোলায় জাটকা নিধন বন্ধে তৎপরতা কম
ভোলার নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে জাটকা শিকার। কিন্তু ছোট ইলিশ ধরা বন্ধে সরকারি লোকজনের তৎপরতা কম বলে অভিযোগ রয়েছে।
এদিকে জাটকা সংরক্ষণ মৌসুমে বেকার জেলেদের জন্য বরাদ্দ করা চাল তাঁরা পাচ্ছেন না বলে জানা গেছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তর জাটকাকে বড় ইলিশ করার জন্য আট মাস (নভেম্বর-জুন) জাটকা সংরক্ষণ মৌসুম হিসেবে ঘোষণা দিয়েছে। এর মধ্যে দুই মাস (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম সময় (এ সময় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ)। তাই এ সময় নদীতে জাল পাতা, মাছ শিকার, ক্রয়-বিক্রয়, বহন, মজুত ও বরফ উৎপাদন একদম নিষিদ্ধ।
সরেজমিনে দেখা যায়, চাঁদপুর ও বরিশাল থেকে সাগর মোহনা পর্যন্ত শত শত নৌকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আর ডুবোচরগুলো দখল করে রেণুপোনা ধরায় ব্যস্ত জেলেরা। ভোলা সদরের রামদাসপুর, সুলতানীসহ ১৩টি মাছঘাট; দৌলতখানের মাঝিরহাট, মুন্সিরহাটসহ ১০টি মাছঘাট; তেঁতুলিয়া নদীর তীরে শান্তিরহাট, গঙ্গাপুর, ব্যাংকের হাটসহ ১৩০টি মাছঘাটে ওই সব ছোট মাছ বিক্রি হচ্ছে।
কারা মাছ ধরাচ্ছেন—জানতে চাইলে জেলে ও আড়তদারেরা বলেন, দাদনের ফাঁদে ফেলে গরিব জেলেদের দিয়ে জাটকাসহ রেণুপোনা ধরানো হচ্ছে। তাঁদের সহায়তা করছেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, ভোলার মৎস্য আড়তদারদের ৯০ শতাংশ আওয়ামী লীগ-সমর্থক। বাকি ১০ শতাংশও কোনো না কোনোভাবে প্রভাবশালী।
ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আবদুল মমিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ অস্বীকার করেন।
জেলে নেতারা বলেন, সরকারি সহায়তা না পেয়ে পেটের ক্ষুধায় মোট জেলের ৫০-৬০ শতাংশ এবার মার্চে মাছ ধরেছেন। বিগত কয়েক বছরের মার্চের চেয়ে এ বছর মার্চে এক-তৃতীয়াংশেরও কম অভিযান চালানো হয়েছে বলে জেলেরা সুযোগ পেয়েছেন।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বরাদ্দ না থাকায় মার্চের শুরুতে অভিযান কম হয়েছে। তবে এখন নিয়মিত অভিযান হচ্ছে।
মৎস্য কার্যালয় সূত্রে আরও জানা যায়, সাতটি উপজেলা মৎস্য কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত সোমবার পর্যন্ত ৩৭ দিনে সদরে ১১টি, দৌলতখানে ১৫টি, বোরহানউদ্দিনে ছয়টি, তজুমদ্দিনে ১৬টি, চরফ্যাশনে আটটি, লালমোহনে ১০টি ও মনপুরা উপজেলায় সাতটি অভিযান চালিয়েছে। এ ছাড়া কোস্টগার্ড মার্চ মাসে প্রায় ১২১ কোটি টাকার জাল, মাছসহ জেলেদের অন্য সামগ্রী জব্দ করেছে।
এ ছাড়া অভয়াশ্রম সময়ে নিবন্ধনকৃত বেকার ৫২ হাজার ১৫০ জন জেলেকে সরকার বিশেষ মৎস্য ভিজিএফের (গরিব জেলেদের সহায়তা) চাল দেবে। ৪০ কেজি করে মার্চ থেকে চার কিস্তিতে ১৬০ কেজি চাল পাবেন জেলেরা। কারা চাল পাবেন, তা নির্ধারণ করবে ইউনিয়ন টাস্কফোর্স কমিটি। এই কমিটির প্রধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চাল দেওয়া হবে জেনেও কেন মাছ ধরেন—জানতে চাইলে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে সফিক মাঝি বলেন, ‘হুনি সরকার চাউল দ্যায়, কিন্তুক কারে দ্যায় জানি না। হ্যার লাইগ্যা চুরি-চামারি কইর্যাি নদীত যাই, মাছ পাইলে বেইচ্যা দুগা চাউল কিন্না প্যাডের বোক (ক্ষুধা) মিডাই।’
ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির ভোলা জেলা সভাপতি নুরুল ইসলাম বলেন, সরকারের উচিত সব কার্ডপ্রাপ্ত জেলের জন্য চাল বরাদ্দ করা আর রেশনিং পদ্ধতি চালু করা।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক জানান, মন্ত্রণালয়ের বরাদ্দের চিঠি মাঠপর্যায়ে পৌঁছানো, জেলেদের তালিকা করা, চালের ছাড়পত্র ও জেলেদের মধ্যে চাল বিতরণ কয়েক মাসের ব্যাপার। ততক্ষণে জাটকা সংরক্ষণ মৌসুম শেষ। এ জন্য অনেকবারই ট্রেনিং পদ্ধতি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কার্ডধারী জেলেরা চাল পাবেন।
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, মার্চের ১০ তারিখে উপজেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। তার পরও কেন জেলেরা মৎস্য ভিজিএফের চাল পাচ্ছেন না, তা খতিয়ে দেখা হবে।