ভোলায় দিনশেষে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর জেলা বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়।
এর আগে সকালে ইজিবাইক বন্ধের দাবিতে বিক্ষোভ করে বাস মালিক সমিতি। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করে।
অবৈধ যান বন্ধ ও ইজিবাইক মালিক সমিতির নেতাকে গ্রেপ্তারের দাবিতে ভোলা বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য গত বুধবার বাস ধর্মঘট আহ্বান করে।
সংবাদ সম্মেলনে সমিতির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনই ভোলায় অবৈধ যানবাহন চলতে সহায়তা করছে। তাদের সতর্ক করে বলছি, ইলিশা থেকে দক্ষিণ আইচা পর্যন্ত অবৈধ যান উৎখাত ও অবৈধ যানের নেতা কুতুব জাহাঙ্গীরকে গ্রেফতার না করলে আমরা ধর্মঘট তুলব না।’ তিনি অভিযোগ করেন, চরফ্যাশন উপজেলার ইজিবাইক-টেম্পো, নছিমন-করিমন শ্রমিক ইউনিয়নের সভাপতি কুতুব জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েক শ শ্রমিক বুধবার হামলা চালিয়ে বাস ভাঙচুর ও শ্রমিকদের পিটিয়ে জখম করেন। তাঁরা বাস কাউন্টারে ঢুকে টাকা লুট করেন। এর প্রতিবাদে বুধবার রাতে বাস মালিক-শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। তাঁরা মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি।
তবে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার অভিযোগ অস্বীকার করেন। মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাস মালিক সমিতি একটি এজাহার থানায় জমা দিয়ে আবার সেটি ফেরত নেয়। মামলা না হওয়ার পরেও তাঁরা বাস ভাঙচুরের অপরাধে চিহ্নিত আটজনকে আটক করেছেন। কুতুব জাহাঙ্গীরকে আটক করার জন্য অভিযান চালছে।