ভোলায় দুটি স্কুলে হচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু। কোনো উচ্চবিদ্যালয়ে এই পরীক্ষার কেন্দ্র হওয়ার বিধান নেই। কিন্তু ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের ৪১৩ শিক্ষার্থী পরীক্ষা দেবে পাশের ফাতেমা খানম বালিকা বিদ্যালয় ও ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ১০৭ শিক্ষার্থী পরীক্ষায় বসবে গাজিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার প্রথম আলোকে বলেন, ভোলা সরকারি কলেজে ইচ্ছে করলে ভোলার সব পরীক্ষার্থী বসতে পারত। শহরের অন্য কলেজগুলোও কেন্দ্র হতে পারত, গ্রামে-গঞ্জে যাওয়ার দরকার ছিল না। তিনি আরও বলেন, কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কোনো বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এটি আইনবিরোধী।
বরিশাল বোর্ডের এক চিঠিতে দেখা যায়, ভোলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজ কেন্দ্রে পশ্চিম বাপ্তা স্কুল অ্যান্ড কলেজ, ওবায়দুল হক মহাবিদ্যালয়, আলতাজের রহমান ডিগ্রি কলেজ, জাঙালিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হালিমা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬১৪ জন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ কেন্দ্রে আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ, ব্যাঙ্কেরহাট কলেজ, মানিমিয়া মহাবিদ্যালয়, আলীনগর স্কুল অ্যান্ড কলেজ, হালিমা খাতুন মহিলা কলেজ, রেবা-রহমান কলেজ, ভাষাশহীদ মহাবিদ্যালয়ের ৫৫৬ জন, ভোলা সরকারি কলেজ কেন্দ্রে নাজিউর রহমান কলেজ, সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের ৬৭৯ জন ও সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজ কেন্দ্রে ভোলা সরকারি কলেজ ও শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের ৪৫৮ জন পরীক্ষা দেবে। কিন্তু বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের ৪১৩ জন পরীক্ষা দিচ্ছে পাশের ফাতেমা খানম বালিকা বিদ্যালয়ে এবং ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ১০৭ জন পরীক্ষায় বসছে গাজিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। যদিও এ দুটি কেন্দ্রের উল্লেখ বোর্ডের চিঠিতে নেই।
ফাতেমা খানম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন তাঁদের কাছে বোর্ড কিংবা জেলা প্রশাসকের কোনো চিঠি আসেনি। বিগত বছরের মতো কেন্দ্রসচিবের মৌখিক নির্দেশে তাঁদের স্কুলকেন্দ্র ভেন্যু হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে বিদ্যালয় দুটির একাধিক শিক্ষক ও অভিভাবক বলেন, প্রধান শিক্ষক বোর্ডের লিখিত অনুমতি ছাড়াই ক্লাস বন্ধ রেখে এইচএসসি পরীক্ষার জন্য কেন্দ্র কলেজকে ছেড়ে দিয়েছেন। তবে পরীক্ষা বিদ্যালয়ে হলেও পরীক্ষা পরিচালনা করবেন কলেজের নিজস্ব শিক্ষকেরা। গত বছরগুলোয় বই খুলে শিক্ষকেরাই প্রায় শতভাগ উত্তর নিশ্চিত করে দেওয়ায় এসব কেন্দ্রে পাসের হার ছিল ৯০ শতাংশের বেশি।
বিদ্যালয়ে কেন্দ্র করার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এইচএসসি পরীক্ষার কেন্দ্র বিদ্যালয়ে হওয়ার সুযোগ নেই।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘আমরা কোনো গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসির কেন্দ্র করিনি। এটা স্থানীয় প্রশাসন করেছে। ওই প্রশাসনের ইচ্ছেয় গ্রামে কেন্দ্র গড়া হয়েছে।’