ভোলায় দেয়াল ভেঙে ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্র্যাক ব্যাংকের ভোলা সদর রোড শাখার দেয়াল, দরজা ও সিন্দুক ভেঙে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা৷ গতকাল রোববার সকালে ব্যাংক খোলার পর বিষয়টি ধরা পড়ে৷
এ ঘটনার পর পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছে৷ সরেজমিনে দেখা যায়, ভোলা সদর রোডে ব্র্যাক ব্যাংকের ভেতরের একটি অংশে নিরাপত্তা ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ৷ সেখানে দক্ষিণ পাশের পাঁচ ইঞ্চি পুরু দেয়াল ছিল ভাঙা৷
ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, ডাকাতেরা লকার ভাঙার উদ্দেশ্যে দুটি দরজা ও ভোল্ট ভাঙতে পারলেও লকার খুলতে পারেনি৷ ব্যাংকের কোনো টাকা, কাগজপত্রও খোয়া যায়নি৷ ব্যাংক পরিদর্শনে যাওয়া পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, শুক্রবার বা শনিবার ব্যাংক বন্ধ থাকায় ডাকাতেরা ওই দুই দিনের কোনো সময় দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে৷ হয়তো মানুষের উপস্থিতি পেয়ে পালিয়েছে৷ পুলিশের সিআইডি সদস্যরা বরিশাল থেকে এসে প্রয়োজনীয় ছাপ ও চিহ্ন সংগ্রহ করে নিয়ে গেছেন৷ ব্র্যাক ব্যাংকের হেড অব সার্ভিস অ্যান্ড কমিউনিকেশন অফিসার জিসান কিংসুক হক জানান, পুলিশের পাশাপাশি তাঁরাও ঘটনার তদন্ত করছেন৷ ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা চিত্র দেখে ব্যাংকের কেউ জড়িত কি না দেখা হচ্ছে৷