ভোলায় ধর্ষণের শিকার গৃহবধূকে সালিসে বসার চাপ
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের একটি চরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন৷ বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করতে চাপ দেওয়া হচ্ছে৷ এ কারণে ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও তিনি মামলা করতে পারছেন না৷ চর থেকে বের হলেই তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে৷
গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূ এ প্রতিবেদককে বলেন, উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের একটি চরে তঁার বাবার বাড়ি৷ চরফ্যাশনে শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন৷ ওই দিন স্থানীয় একটি খেয়াঘাট থেকে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী কামরুল হাসান তঁাকে ধর্ষণ করেন৷
ওই গৃহবধূ বলেন, ‘আমি থানায় মামলা করতে চাইলে এলাকার সাবেক ইউপি সদস্য আবদুস শহিদ ও বর্তমান ইউপি সদস্য নুর ইসলাম তাতে বাধা দেন৷ তাঁরা আমাকে নদী পার হলেই খুন করা হবে বলে হুমিক দিয়ে সালিসে বিষয়টি মীমাংসার চাপ দেন৷’
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না৷’
ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ ফরাজী বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে৷ এলাকায় গিয়ে কামরুলকে পাওয়া যায়নি৷