ভোলায় নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার শাহবাজপুর ক্ষেত্রে নতুন খনন করা ৩ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন (টেস্ট ফ্লো) শুরু করা হয়েছে।
গতকাল রোববার ভোর চারটায় গ্যাস উত্তোলন শুরু করা হয় বলে কূপটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানিয়েছেন।
শাহবাজপুর ক্ষেত্রটি ১৯৯৫ সালে বাপেক্সের আবিষ্কৃত ও পরিচালিত। তবে ৩ নম্বর কূপটি খনন করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রম। কূপটি থেকে শুরুতেই চার হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে প্রায় দুই কোটি ঘনফুট করে গ্যাস উত্তোলন হচ্ছিল। অবশ্য পর্যায়ক্রমে কূপটি থেকে দৈনিক অন্তত অড়াই কোটি ঘনফুট করে গ্যাস তোলার লক্ষ্য বাপেক্স ও পেট্রোবাংলার।
কূপটির তিন হাজার ৬৭৪ থেকে তিন হাজার ৭২০ মিটার গভীরতায় পাওয়া গ্যাসস্তরের আট মিটার (তিন হাজার ৭০২ থেকে তিন হাজার ৭১০ মিটার) নির্দিষ্ট করে সেখান থেকে এই গ্যাস তোলা হচ্ছে। কূপটি খননকালে বিভিন্ন গভীরতায় আরও তিনটি গ্যাসস্তর পাওয়া গেছে। তবে এই কূপের মাধ্যমে অন্য কোনো স্তর থেকে গ্যাস তোলা হবে না। অন্য স্তরগুলোর গ্যাস তোলা হবে অন্য কূপের মাধ্যমে।
শাহবাজপুর ক্ষেত্রে আগে খনন করা দুটি কূপ রয়েছে। বর্তমনে তৃতীয়টির পর সেখানে ৪ নম্বর কূপটিও খনন করবে গাজপ্রম। আগামী ডিসেম্বরের মধ্যে ৪ নম্বর কূপটি খননের কাজও শেষ হবে বলে বাপেক্স ও গাজপ্রমের সূত্রগুলো জানায়। তখন ক্ষেত্রটির মোট চারটি কূপ থেকে দৈনিক অন্তত আট কোটি (৮০ মিলিয়ন) ঘনফুট গ্যাস তোলা সম্ভব হবে। এর মধ্যে প্রায় পাঁচ কোটি ঘনফুট ব্যবহৃত হবে ২২৫ মেগাওয়াট ক্ষমতার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে। আগামী মার্চ মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা। দ্বীপজেলাটি থেকে ওই বিদ্যুৎ দেশের মূল ভূখণ্ডে আনার জন্য সঞ্চালন লাইন তৈরির কাজও শেষ পর্যায়ে আছে।
ভোলায় এ ছাড়া ৩৫ মেগাওয়াটের একটি গ্যাসচালিত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ভোলার ২০ বর্গকিলোমিটার এলাকায় আবাসিক ব্যবহারের জন্যও গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়েছে। এরপর সেখানে শিল্পকারখানা ও বাণিজ্যিক ব্যবহারের জন্যও গ্যাস-সংযোগ দেওয়া হতে পারে।