ভোলায় নিবন্ধনহীন ৬০টি ভাটায় ইট তৈরির প্রস্তুতি
ভোলায় নিবন্ধনহীন প্রায় ৬০টি ইটভাটা উৎপাদনে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সব ভাটায় ইতিমধ্যে মাটি ও কাঠ স্তূপ করা হচ্ছে বলে জানান কয়েকজন ইটভাটার মালিক।
ভোলা জেলা প্রশাসন জরুরি বৈঠক করে ও উপকূলীয় বন বিভাগ পরিবেশসম্মতভাবে ভাটা নির্মাণ করার জন্য বিভিন্ন দপ্তরে ও ভাটার মালিকদের চিঠি দিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, সদর উপজেলায় ২১টি, দৌলতখানে ৬, বোরহানউদ্দিনে ১৫, চরফ্যাশনে ২৬, লালমোহনে ৮, তজুমদ্দিনে ৪, মনপুরায় ২টিসহ জেলায়৮২টি ইটভাটা আছে। এর মধ্যে ভোলা সদরে ১১টি, দৌলতখানে ৩, বোরহানউদ্দিনে ৪, চরফ্যাশনে ২, লালমোহনে ১টিসহ ২২টি ভাটার নিবন্ধন আছে। এই ২২টি ভাটার মধ্যে ১০টির নিবন্ধন নবায়ন করা হয়েছে।
চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা যায়, সদরের পশ্চিম ইলিশা, চর সামাইয়া; দৌলতখান উপজেলার চর খলিফা; বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথা, হাকিমউদ্দিন এবং লালমোহনের দাওড়ি এলাকার কয়েকটি ইটভাটায় ইট তৈরির জন্য মাটি ও কাঠ স্তূপ করা হচ্ছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারেফ হোসেন বলেন, ‘আমরা মালিকদের আইন মেনে ইটভাটা নির্মাণ করে ইট বানাতে বলেছি। কিন্তু মালিকেরা শুনছেন না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’
গত বৃহস্পতিবার জেলা প্রশাসক সেলিম রেজা সব ইটভাটার মালিকদের নিয়ে জরুরি সভা ডাকেন। তাঁদের দ্রুত পরিবেশসম্মত ইটভাটা নির্মাণ ও নিবন্ধন করে ভাটায় ইট উৎপাদন করার নির্দেশ দেন তিনি। এর ব্যতিক্রম হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
ভোলা উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ইটভাটার নিবন্ধন নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। আমরা অক্টোবরে প্রতিটি ইটভাটার মালিকদের কাঠ না পোড়ানোর জন্য চিঠি দিয়েছি। অনেকে ট্রলারে করে বন থেকে কাঠ কেটে ইটভাটায় সাপ্লাই করে। বন থেকে চোরাইপথে যেন কাঠ কাটা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য ভোলার প্রত্যেক রেঞ্জারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।’ ডিএফও বলেন, এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কোস্টগার্ডকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।