ভোলায় নির্যাতনের পর আক্কেল আলীকে মুক্তি
রাতভর নির্যাতন ও ৫০ হাজার টাকা লুট করার পর ভোলার এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. আক্কেল আলী ওরফে আলী দাদুকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা৷
গত রোববার রাত আটটার দিকে ভোলা শহর থেকে ১৪ মাইল দূরে বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে আক্কেল আলীকে অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়৷ লোকজন তাঁকে উদ্ধার করে শহরে এনে চিকিৎসার ব্যবস্থা করে৷
সুস্থ হওয়ার পর আক্কেল আলী বলেন, ‘গত শনিবার সন্ধায় মাগরিবের নামাজের পর শহরের নতুন বাজারে এম এ আলী প্রতিবন্ধী স্কুলের চেয়ারম্যান শওকাত হোসেনের অফিসে যাচ্ছিলাম৷ একটি ছেলে জরুরি কথা আছে বলে একটু অন্ধকারে নিয়ে পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলে তুলে ফেলে৷ এরপর চোখ বেঁেধ ফেলে একটি ঘরে আটকে রাখে৷ সেখানে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে রাতভর নির্যাতন চালায়৷ মুক্তিপণের টাকা না পেয়ে তাঁকে ফেলে চলে যায়৷ সেই সঙ্গে তাঁর কাছে যে ৫০ হাজার টাকা ছিল, অপহরণকারীরা তাও নিয়ে যায়৷’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ‘আক্কেল আলীর অপহরণ, উদ্ধার, মুক্তিপণ দাবি, নির্যাতন—সবকিছুই রহস্যজনক৷ এ নিয়ে তদন্ত চলছে৷’