ভোলায় নয় মাসে আড়াই হাজার একর জমি বিলীন
ভোলার সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের প্রায় আড়াই হাজার একর জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। ২০১৫ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ভাঙন ও জোয়ারে এসব জমি বিলীন হয়েছে। এতে অনেক স্বাবলম্বী নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁরা বর্তমানে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন।
ওই দুই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কার্যালয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, ২০১৫ সালে পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ছয়টি মৌজার প্রায় ২ হাজার ৫০০ একর জমি মেঘনা নদীতে বিলীন হয়। এ ছাড়া উচ্চ জোয়ারে আরও ৫০০ একর জমির ফসল নষ্ট হয়েছে। ওই জমিও বর্তমানে আবাদযোগ্য নয়। এসব জমিতে প্রায় ৬ হাজার মানুষ বসবাস ও আবাদ করত।
গত বুধবার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ও ইলিশা মৌজা এবং রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর, রামদাসপুর ও সুলতানী মৌজা ঘুরে দেখা যায়, চার ভাগের তিন ভাগ জমি ভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি এক ভাগেও কোনো ফসল নেই। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে ওই সব খেত সবজি ও শস্যে ভরা ছিল। এ সময় দক্ষিণ রাজাপুর গ্রামের কৃষক মো. লিটন বলেন, গত পাঁচ বছর তিনি জমি লগ্নি নিয়ে আগাম করলা, চিচিঙ্গা, শসা, ক্ষীরা, তরমুজ, মরিচ, বেগুন, বরবটি, শিমসহ নানা রকম সবজি আবাদ করেছেন। ছয় মাস আবাদ করে তিনি অনেক টাকা আয় করতেন। সেই জমি ফসলসহ মেঘনায় বিলীন হয়েছে। ভাঙনে তাঁর মতো অনেকে নিঃস্ব হয়ে গেছে।
দক্ষিণ রাজাপুরের আবদুল মালেক বলেন, তাঁদের বাড়িঘর, পুকুরসহ নয় একর জমি মেঘনায় বিলীন হয়েছে। এক একর জমি বছরে ৮০ হাজার টাকায় কৃষকদের লগ্নি দেওয়া হতো। ওই কৃষকেরা প্রায় ১২ মাসই সবজি চাষ করতেন। একই গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘৬০ হাজার টাকা ঋণ নিয়ে চাষের জমি লগ্নি নিয়েছি, সেই জমি ফসলসহ ভেঙে গেছে। এখন সমিতির কিস্তি চালাতে হিমশিম খাচ্ছি।’
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কৃষিজমি ও বসতবাড়ি হারিয়ে ৯০ শতাংশ পরিবারের কোনো না কোনো সদস্য দিনমজুরি ও রিকশা চালানোর কাজ করছেন। অনেকে বেকারও রয়েছেন। দুই ইউনিয়নের অন্তত ১ হাজার মানুষ তাঁদের পরিবারের সদস্যদের রাস্তার ওপর, স্কুলের বারান্দায়, অন্যের বাড়ির উঠানে, ভাড়া ঘরে রেখে ঢাকা-চট্টগ্রামে গেছেন কাজের সন্ধানে। অনেকে স্থায়ীভাবেও চলে গেছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন একটি কৃষিসমৃদ্ধ এলাকা। ওই এলাকায় ১২ মাস সবজির চাষ হতো। ওই ৩ হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা এখন দিনমজুরি করে কষ্টে দিন কাটাচ্ছেন।
সদর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ বলেন, গত বছর মার্চের প্রথম সপ্তাহে ভাঙন শুরু হয়। সেই ভাঙন এখনো ব্যাহত রয়েছে। কৃষি কার্যালয় থেকে রাজাপুরে ৩৩৫ জন ও পূর্ব ইলিশায় ২৬০ জন কৃষককে ভর্তুকি হিসেবে গম, ভুট্টা, ডাল এবং প্রয়োজনীয় সার দেওয়া হয়।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ভাঙনকবলিত কৃষক পরিবারগুলোকে বিভিন্ন সময়ে ত্রাণ ও টাকা দেওয়া হয়েছে।