ভোলায় পাঁচটি ট্রলারডুবি, ১১ জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার শিবচরে সাগর মোহনায় গত রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে পাঁচটি ট্রলার ডুেব যায়। এর মধ্যে একটি ট্রলারের ১১ জন জেলে নিখোঁজ আছেন।
চরফ্যাশনের ঢালচরের চেয়ারম্যান ঘাট, উত্তরের খাল, দক্ষিণের খাল, আনন্দবাজার ও নতুন ঘাটের জেলেরা জানান, রোববার সন্ধ্যায় ঢালচরে কয়েক শ ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। এ সময় মেঘনায় ঝড় শুরু হয়। বেশির ভাগ ট্রলার নিরাপদে ফিরে এলেও ৫৪ জনসহ পাঁচটি ট্রলার ডুবে যায়। চারটি ট্রলারের ৪৩ জনকে উদ্ধার করা গেলেও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১১ জন জেলের সন্ধান পাওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দৌলতখান উপজেলার চৌধুরীর মোল্লার ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে ডুবে যায়। সাতজন উদ্ধার হলেও ওই ট্রলারের ১১ জন এখনো নিখোঁজ আছেন।