ভোলার ইলিশা বিশ্বরোডের মাথা ফেরিঘাটের কাছে গত সোমবার একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে ছেড়ে আসা ওই ট্রলারের একজন নিখোঁজ আছেন।
এদিকে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ২ সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঈদের আগে এই পথে ফেরি চলাচল চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিখোঁজ ব্যক্তি হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকার শাজাহান (৪৮)। এ নিয়ে বিশ্বরোডের মাথা ঘাটের কাছে গত পাঁচ দিনে দুটি ট্রলারডুবির ঘটনা ঘটল। দুটি দুর্ঘটনায় নিখোঁজ আছেন দুজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ২৭ জন যাত্রী নিয়ে আবদুল্লাহ মাঝির ট্রলারটি মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে বিশ্বরোডের মাথা ফেরিঘাটে পৌঁছায়। নদী উত্তাল থাকায় তীরের মাটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ২৬ জন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। কিন্তু শাজাহান নিখোঁজ আছেন। এর আগে ৩ সেপ্টেম্বর এই ফেরিঘাটে একটি জেলে নৌকা একই ভাবে ডুবে যায়। ওই দুর্ঘটনায় সাতজন জেলে সাঁতরে উঠতে পারলেও নৌকার মালিক জাহাঙ্গীর মাঝি নিখোঁজ হন।
ভোলা-লক্ষ্মীপুর নৌপথে সাত দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাটে যানবাহন আটকে আছে। মেঘনার ভাঙনে ২৫ জুলাই ভোলার চডারমাথা এলাকায় মহাসড়কের এক কিলোমিটার অংশ মেঘনায় বিলীন হলে ইলিশা-মজুচৌধুরীর হাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্বরোডের মাথা ঘাটে নতুন ফেরিঘাট নির্মাণ করা হয়। ২ সেপ্টেম্বর নতুন ফেরিঘাটটিও মেঘনায় বিলীন হলে গেলে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সদর উপজেলার বাপ্তা ইউপির চেয়ারম্যান ইয়ানুর রহমান বলেন, ফেরি বন্ধ, সি-ট্রাকের স্বল্পতা, ঘাট ও সড়ক না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘ভোলা-লক্ষ্মীপুর নৌপথ নিয়েই মঙ্গলবার (গতকাল) জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, সড়ক বিভাগ কিংবা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যদি দ্রুত সড়ক নির্মাণ করে দেয়, তবে আমরা ইলিশায় ফেরিঘাট নির্মাণ করব। সড়ক নির্মাণ না করা পর্যন্ত ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরি চলাচল করবে।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিআইডব্লিউটিএ আপাতত ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ফেরি চলাচলের সিদ্ধান্ত দিয়েছে। এতে প্রায় সাত-আট ঘণ্টা সময় লাগবে। যানবাহনের চালকেরা ঠিকমতো ভাড়া দেবে কি না সন্দেহ। তা ছাড়া, নৌপথটি জরিপ করতে হবে। তারপর সিদ্ধান্ত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার থেকে ইলিশা নদীর রাজাপুর এলাকা পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের একটি নকশা ও প্রকল্প তৈরি করেছি। এতে ব্যয় ধরা হয়ে ১২ কোটি টাকা। কিন্তু প্রকল্পটি ঢাকায় পাঠানো হয়নি।’