ভোলায় বিনিয়োগে বড় বাধা নদী ভাঙন: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ভোলায় বিনিয়োগ করতে বড় বাধা হলো নদীভাঙন। সেই বাধা খুব শিগগির কাটিয়ে উঠতে হবে। গতকাল শনিবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ভোলা শহর রক্ষা বাঁধে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ও ব্লক স্থাপনকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ (ভোলা সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় এক ট্রিলিয়ন গ্যাস মজুত আছে। ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে আসবে। আরও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ দ্রুত শুরু হবে। একটি জেলায় জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি থাকলে সেখানে যেকোনো শিল্প গড়ে ওঠা সম্ভব নয়।’

তোফায়েল বলেন, ‘ভোলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ভালো। ভোলায় পোর্ট হওয়ার পর্যাপ্ত সম্ভাবনা আছে। ভোলা-বরিশাল সড়ক ও পদ্মা সেতু হলে এই জেলার সঙ্গে অন্য জেলাগুলোর নদী ও সড়ক যোগাযোগে আর কোনো বাধা থাকবে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডসের দাতা সংস্থা ওরিও ভোলার নদীভাঙন প্রতিরোধে এগিয়ে এসেছে। জাপানের জাইকা এগিয়ে আসছে। বাংলাদেশ সরকারও ভোলার নদীভাঙন প্রতিরোধে আন্তরিক।’ ঠিকাদার ও প্রকৌশলীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘দ্রুত কাজ শেষ করতে হবে। চুরি করার জন্য বর্ষার অপেক্ষা করা যাবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম প্রমুখ।