ভোলার সদর উপজেলার শিবপুর গ্রামে অজ্ঞাত বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সোমবার ওই ঘটনা ঘটে।
মৃতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সিদ্দিকুর রহমান (৭০), তাঁর স্ত্রী আমিরুন নেছা (৬০), নাতনি নিপা (১৩) ও সুমাইয়া (১০) সোমবার রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় সিদ্দিকুরের পুত্রবধূ নুরুন্নাহার উপজেলার ইলিশা ইউনিয়নের জনতা বাজার থেকে তাঁর ভগ্নিপতি পল্লিচিকিৎসক জসিমউদ্দিনকে এনে অসুস্থদের চিকিৎসা করান। ভোর পাঁচটার দিকে সবার অবস্থার অবনতি হলে তাঁদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর স্ত্রী আমিরুন নেছাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও দুই নাতনিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানভীর আহমেদ বলেন, সিদ্দিকুরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু শঙ্কামুক্ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ঘটনা শুনে সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।