ভোলায় বৃষ্টির মধ্যেই সড়কে পিচ ঢালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃষ্টিভেজা সড়কে সংস্কার কাজ করা হয়। এ সময় সওজ প্রকৌশল অধিদপ্তর বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি l ছবি: প্রথম আলো
ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃষ্টিভেজা সড়কে সংস্কার কাজ করা হয়। এ সময় সওজ প্রকৌশল অধিদপ্তর বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি l ছবি: প্রথম আলো

ভোলার সদর উপজেলায় গতকাল শনিবার বৃষ্টির মধ্যেই সড়কে পিচ ঢালা হয়েছে৷ এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা বৃষ্টিভেজা সড়কে পাথরের কণা ও বিটুমিনের গরম মিশ্রণ ফেলছেন৷ পড়েই সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়ছে। সড়কে পড়ে গরম পিচের মিশ্রণটি জমাট বাঁধার আগেই বৃষ্টির পানিতে ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। এ সময় কাজের দেখভালের জন্য সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশল অধিদপ্তর বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ চন্দ্র দাস ও মো. ফারুক বলেন, সড়কে দুই ইঞ্চি পুরু পিচ ঢালার কথা৷ িকন্তু, ঢালা হচ্ছে এক ইঞ্চির মতো৷ আবার পিচ ঢালার আগে গর্তও ভরাট করা হচ্ছে না৷ বৃষ্টির মধ্যেই পিচ ঢালা হচ্ছে৷ ফলে কয়েক দিনের মধ্যেই সড়ক আগের অবস্থায় ফিরে আসবে৷
একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বৃষ্টির পানির মধ্যে সংস্কার করা এ সড়ক টিকবে না। কারণ, পিচের প্রধান শত্রু পানি। ভোলা জেলা সড়ক ও জনপথ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার প্রথম আলোকে বলেছেন, ‘বর্ষার সময় সড়কের কাজ করা নিষিদ্ধ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এটা কেন করছে বা করল, তা খতিয়ে দেখছি।’
উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ভোলা-চরফ্যাশন সড়কের সাত হাজার ২০০ মিটার সড়কের ওপর দুই ইঞ্চি পুরু পিচ ঢালাইয়ের কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য রিলায়েবল বিল্ডার্স লিমিটেড। সংরক্ষণমূলক সংস্কার প্রকল্পের (পিএমপি) এ কাজের খরচ ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। ২০১৩ সালে দরপত্র দাখিলের পর বাছাইয়ের কাজ হলেও কার্যাদেশ দেওয়া হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। তবে নিষেধ করা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান বর্ষার মধ্যেই এ মাসের প্রথম দিকে কাজ শুরু করেছে।
দ্য রিলায়েবল বিল্ডার্স লিমিটেডের প্রকৌশলী সাজ্জাদুর রহমান বলেন, ‘এ কাজের সঙ্গে বরিশালের সড়কের আরও কাজ ছিল। সেসব কাজ যথাসময়ে শুরু করেছি। ভোলার কাজ শুরু করতে করতে বর্ষা চলে এসেছে। গতকাল সকালে বৃষ্টি ছিল না; হঠাৎ বৃষ্টি চলে এসেছে। তার পরও আমরা বৃষ্টির সময় কাজ বন্ধ রেখেছিলাম।’