
মেঘনার ঢেউয়ের আঘাতে ভোলায় গত তিন দিনে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়নের চার কিলোমিটার এলাকায় ভাঙনের মুখে আছে তিন হাজার পরিবার।
এদিকে গত রোববার থেকে শুরু হওয়া পদ্মা নদীর ভাঙনে শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার সাতটি গ্রামের ১১০টি পরিবার গৃহহীন হয়েছে। ভেদরগঞ্জের চেয়ারম্যান স্টেশন বাজারের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত মঙ্গলবার ভোলায় সরেজমিনে দেখা যায়, ইলিশা মুরাদসফুল্লা-কালুপুর থেকে দক্ষিণ রাজাপুরের ঢালিরখাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ভাঙনের কবলে পড়েছে। এলাকাবাসী জানায়, তিন দিনে (রোববার-মঙ্গলবার) দুই বর্গকিলোমিটার এলাকা ভেঙে গেছে। গত ৩৫ দিনে (২৩ জুলাই-২৬ আগস্ট) বিলীন হয়েছে পাঁচ বর্গকিলোমিটার এলাকা। এর মধ্যে ছিল বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের দেড় কিলোমিটার অংশ, ইলিশা ফেরিঘাট, চডারমাথা বাজার, মসজিদ, ছয় শতাধিক ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েক শ একর ফসলি জমি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ভাঙন প্রতিরোধে এ পর্যন্ত লক্ষাধিক বালুর বস্তা ভোলা ইলিশা ফেরিঘাট, চডারমাথা ও বিশ্বরোডের মাথা এলাকায় ফেলা হয়েছে। আরও বস্তা ফেলা হবে। এ ছাড়া বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হচ্ছে।
দক্ষিণ রাজাপুরের বিবি রহিমা বলেন, মেঘনার মুখে ঘর এসে গেলেও তাঁরা সরাতে পারছিলেন না। পরে গত শুক্রবার ভাঙনের তীব্রতা দেখে মাত্র সাত হাজার টাকায় স্বর্ণালংকার বিক্রি করে ঘর সরিয়েছেন।
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ভাঙনকবলিতদের তালিকা করা হচ্ছে। তাঁদের সহায়তার ব্যবস্থা করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নের হাবু সরকারকান্দি, ব্যাপারীকান্দি, মোল্যাকান্দি, গাজিকান্দি; গোসাইরহাট উপজেলার পূর্ব কোদালপুর, দক্ষিণ কোদালপুর ও চর মাদারীয়া গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ভাঙনে ১১০টি পরিবার গৃহহীন হয়েছে। এ ছাড়া ভেদরগঞ্জের চেয়ারম্যান স্টেশন বাজারের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভেদরগঞ্জ উপজেলার ছুরির চর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের হুমকিতে রয়েছে। নদী থেকে বিদ্যালয়ের পাকা ভবনটি মাত্র পাঁচ মিটার দূরে আছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টি আগে নদী থেকে বেশ দূরে ছিল।
চেয়ারম্যান স্টেশন বাজারের ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, ‘প্রতিবছরই নদীভাঙনে আমাদের বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যায়। স্থায়ীভাবে নদীভাঙন রোধে কেউ কোনো ব্যবস্থা নেয়নি।’
গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামের ফয়জল সরদার বলেন, পদ্মার ভাঙনে তিনি ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব। এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য চাল ও অর্থ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ দিলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।