ভোলায় ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় হাবিব মেডিকেল সেন্টার নামের বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় দুই বছরের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিদের বিক্ষোভের মুখে ওই ক্লিনিকের এক চিকিৎসককে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন চন্দ্র দে তাঁর সন্তান আদিত্য চন্দ্র দেকে বুধবার সন্ধ্যায় হাবিব মেডিকেল সেন্টারের শিশু বিশেষজ্ঞ আবদুল কাদেরের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, শিশুটির নিউমোনিয়া হয়েছে। তিনি নিপু নামে এক ওয়ার্ড বয়কে দিয়ে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ান। ইনজেকশনটি দেওয়ার পরপরই শিশুটি মারা যায় বলে জানান তার বাবা।
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েক শ লোক ওই ক্লিনিকের সামনে জড়ো হন। তাঁরা বিক্ষোভ করতে থাকেন এবং ক্লিনিকে ভাঙচুর করেন। পরে রাত ১২টার দিকে চিকিৎসক আবদুল কাদেরকে আটক করে ভোলা সদর থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, অদক্ষ চিকিৎসক ও নার্স দিয়ে হাসপাতালটি চালানো হয়। বিভিন্ন সময় সেখানে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। সাবেক স্বাস্থ্য পরিচালক এ টি এম মিজানুর রহমানের ক্লিনিক হওয়ায় সেখানে নিয়মনীতির বালাই নেই।
আটক হওয়ায় আবদুল কাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ও হাবিব ক্লিনিকের ব্যবসায়িক অংশীদার। আটক হওয়ার আগে তিনি বলেন, শিশুটির জন্মের পর থেকে তিনি চিকিৎসা করছেন। জন্মের পর থেকেই সে গুরুতর শ্বাসকষ্টে ভুগছিল। বুধবার রাতে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সে নিউমোনিয়ায় আক্রান্ত। এ জন্য তাকে এক গ্রামের সেফট্রোন ইনজেকশন দেওয়া হয়েছে। এটা কোনো ভুল চিকিৎসা নয়।
মৃত শিশুর বাবা ও স্বজনেরা আরও বলেন, চিকিৎসক ওয়ার্ড বয়কে দিয়ে ইনজেকশনটি দিয়েছেন। ওই ইনজেকশন ধীরে ধীরে কয়েক মিনিট সময় নিয়ে দিতে হয়। ওয়ার্ড বয় দ্রুত কয়েক সেকেন্ডে দেওয়ায় শিশুটি মারা গেছে। এরপর থেকে নিপু নামের ওই ওয়ার্ড বয় পলাতক।
ওই ক্লিনিকের মিজানুর রহমান বলেন, ‘আমি ঠিক জানি না, কে ইনজেকশন দিয়েছে। যদি নিপু দিয়ে থাকে, তার কোনো প্রশিক্ষণ নেই। সে বয় হিসেবে চাকরি নিয়েছে।’ তিনি স্বীকার করেন, ক্লিনিকে বেশির ভাগ নার্স নতুন। দু-একজনের সনদ আছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, শিশুর পরিবার মামলা না করায় গতকাল বিকেলে চিকিৎসক কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।