ভোলায় মন্দিরে হামলা, ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের অশ্বিনীকুমার সড়ক কালীমাতা মন্দিরের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর হয়েছে। গতকাল সোমবার স্থানীয় ইউনুস মিয়ার (৬৫) লোকজন এ হামলা চালায় বলে মন্দিরের সেবায়েত কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অশ্বিনীকুমার সড়ক শ্রীকালীমাতা মন্দিরের সামনে দুর্গাপূজার জন্য টিনের চাল দিয়ে একটি ঘর
তোলা হচ্ছিল। গতকাল সকাল আটটার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরটি ভাঙচুর করে। পরে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সেবায়েত পক্ষের প্রদীপ বণিক বলেন, পূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়ায় গতকাল সকালে ইউনুস মিয়ার নেতৃত্বে তাঁর বাহিনী হামলা চালিয়ে মণ্ডপ ভাঙচুর করে।

ইউনুস মিয়া (৬৫) অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমির মালিক বীরেন্দ্র রায় চৌধুরীর কাছ থেকে নব্বইয়ের দশকে আমরা ১০৫ শতাংশ জমি কিনি। হঠাৎ ২০০৩-০৪ সালের দিকে তথাকথিত সেবায়েত নামধারী পক্ষের প্রদীপ-সমীর গং এ জমি মন্দিরের দেবোত্তর সম্পত্তি দাবি করে মামলা করেন। এরপর আদালত এ জমির ওপর স্থিতাদেশ দেন। সেই আদেশ উপেক্ষা করে সেবায়েত নামধারী পক্ষ ঘর তুললে আমরা বাধা দেই। কিন্তু ভাঙচুর করিনি।’ তিনি দাবি করেন, ‘এখানে তো এত দিন পূজাই হতো না। আমার জমি দখলের জন্যই পূজার নাটক সাজানো হয়েছে।’

জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ওই জমির ওপর আদালতের স্থিতাদেশ থাকলেও ধর্মীয় কাজে কোনো বাধা নেই। মণ্ডপ ভাঙচুরের পর সেখানে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।