ভোলায় মেঘনার ভাঙনরোধে আন্দোলনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর-ইলিশার চার কিলোমিটারে মেঘনার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে দ্রুত পাকা ব্লক ফেলার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গতকাল বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এই আন্দোলন-কর্মসূচির ঘোষণা দেয় ‘উত্তর ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির আহ্বায়ক শাহের আলী লিখিত বক্তব্যে বলেন, গত ৫৬ দিনে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের ছয়-সাত বর্গকিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সহস্রাধিক বাড়িঘর মেঘনায় বিলীন হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিকল্পনা ছাড়াই কোটি টাকা ব্যয় করলেও কোনো কাজ হয়নি। বর্তমানে ভাঙন অব্যাহত আছে, কিন্তু জিও টিউবের কাজ বন্ধ। ভবিষ্যতে পরিকল্পনা করে সেনাবাহিনীর মাধ্যমে ভাঙন প্রতিরোধে ব্লক ফেলা ও প্রকল্প একনেকে অনুমোদনের দাবিতে তাঁরা এই আন্দোলন করবেন।