ভোলায় শিমখেতে ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শিমখেতগুলোতে ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি বছরে এক হাজার ১২০ হেক্টরে শিমের চাষ হয়েছে। এর সঙ্গে পাঁচ হাজার কৃষক জড়িত।
সদর উপজেলার কোড়ালিয়া, বালিয়া ও দক্ষিণ দিঘলদী গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ শিমখেত। প্রতিটি খেতে অনেক গাছের লতাপাতা, ফুল-ফল হলুদ বর্ণ ধারণ করেছে। অনেক গাছের পাতায় ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। কৃষকেরা এসব হলুদ লতা ও পাতা ছিঁড়ে গবাদিপশুকে খাওয়াচ্ছেন। প্রায় দুই মাস ধরে এ অবস্থা চলছে।
কোড়ালিয়া গ্রামের শিমচাষি সাদেক মল্লিক বলেন, গত আট বছর তিনি শিম চাষ করছেন। এ বছর ২৫২ শতাংশে শিম চাষ করেছেন। তাঁর খেতে শিমের ফল ছিদ্রকারী (মাজরা), পাতা ছিদ্রকারী (রেডপামকিং, জাব ও জরা) পোকা ও ভাইরাস আক্রমণ করেছে। কীটনাশক দিয়ে মাজরা, জাব, জরা ও রেডপামকিং দমন করা গেলেও ভাইরাস দমন করা যাচ্ছে না। ভাইরাসমুক্ত করার জন্য কাসুমিন, রিডোমিল গোল্ডসহ একাধিক ওষুধ ব্যবহার করেছেন। কোনো ফল না পেয়ে গাছ ও পাতা ছিঁড়ে ফেলা শুরু করেছেন। একই গ্রামের শিমচাষি সিডু মাঝি, ইদ্রিস বিশ্বাস, ইউনুস মাতব্বরসহ অনেক কৃষক বলেন, পোকা ও ভাইরাস খেতের ২০ ভাগ ফলন কমিয়ে দিচ্ছে।
ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ বলেন, একটি গাছে ভাইরাস আক্রমণ করলে দ্রুত পুরো খেতে তা ছড়িয়ে পড়ছে। আক্রান্ত গাছের শিম খাওয়াও ঠিক নয়। পোকা দমনের নানা রকম কীটনাশক থাকলেও ভাইরাস মুক্ত করার ওষুধ নেই। এ জন্য আক্রান্ত লতাপাতা ছিঁড়ে ফেলতে হবে এবং দূরে মাটিতে পুঁতে ফেলতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রামেন্দ্রনাথ বাড়ৈ বলেন, পোকা ও ভাইরাসের আক্রমণে কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা না দেখে বলা অসম্ভব। শিমচাষিদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।