ভোলায় শেষ হলো জলচর পাখি গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় শেষ হয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১০ দিনব্যাপী দক্ষিণ এশিয়ার জলচর পাখি গণনা। গত মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মুহিত।
শুমারি দলের প্রধান সমন্বয়কারী মুহিত আরও বলেন, ভোলার চারপাশসহ উপকূলীয় অঞ্চলে শতাধিক চর আছে। সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে ভোলায় এসব চরে জলচর পাখিশুমারি হয়। ১৯৮৭ সাল থেকে প্রতিবছর এ শুমারি হচ্ছে। উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা করা হচ্ছে। এ বছর পাখির সংখ্যা কম ছিল। তবে চামচ ঠুঁটো বাটান, ছোট হাড়গিলা, মদনটাক, দেশি গাঙ চষা, বড় গুটি ইগলসহ বেশ কিছু বিপন্ন, মহা বিপন্ন, অতি সংকটাপন্ন পাখি দেখা গেছে। এ বছর মোট ২৮টি চরে ৮৪ প্রজাতির ৩৮ হাজার ৬২৪টি পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি ২৭ প্রজাতির ও পরিযায়ী ৫৭ প্রজাতির। ৭০ প্রজাতির জলচর ও ১৪ প্রজাতির শিকারি পাখি।
গণনা শেষে প্রতিবেদনটি ‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে, যা পৃথিবীর জলচর পাখিসংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বলে গণ্য করা হয়।
এম এ মুহিত আরও বলেন, ১৬ জানুয়ারি ভোরে দলটি ট্রলারে ভোলা খেয়াঘাট থেকে পাখিশুমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। ইলিশা, মেঘনা, সাগর মোহনা, বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী ঘুরে গত মঙ্গলবার বিকেলে খেয়াঘাটে এসে শুমারির কাজ শেষ হয়।
শুমারি দলে আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষক মনিরুল খান, বাংলাদেশ বার্ড ক্লাবের নির্বাহী সদস্য ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকন) পরিচালক পাখি বিশেষজ্ঞ সামিউল মোহসেনিন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের (আইইউসিএন) সদস্য, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সদস্যসহ মোট ১৭ জন।