ভোলায় সংবাদ সম্মেলনে ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ হাক্কানি মিশনের শাখা হাক্কানি দরবার শরিফ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইমান আক্বিদা সংরক্ষণ কমিটি নামের একটি সংগঠন। দাবি না মানলে আগামী শুক্রবার দরবার শরিফ ঘেরাও ও ভাঙচুরের ঘোষণা দেওয়া হয়েছে।
দৌলতখান উপজেলার চর খলিফা মাদ্রাসায় গতকাল মঙ্গলবার বিকেলে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠন ইমান আক্বিদা সংরক্ষণ জেলা কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিন বলেন, মিয়ারহাট এলাকায় হাক্কানি মিশনের দরবার শরিফে ইসলামের নামে সরলমনা মানুষদের লোভে ফেলে ধোঁকা দেওয়া হচ্ছে। সেখানে নিয়মিত নামাজ পড়া হয় না। ইসলামবিরোধী কর্মকাণ্ড চালানো হয়। এতে এলাকার মুসল্লিদের জুমার নামাজ আদায়ে সমস্যা হয়েছে। ইসলামের নামে তাঁদের এসব অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। দুই দিনের মধ্যে দাবি না মানলে আগামী শুক্রবার দরবার শরিফ ঘেরাও ও ভাঙচুর করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, চর পাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান খান প্রমুখ।
এদিকে গত সোমবার মিয়ারহাট মিশনের দরবার শরিফে সংবাদ সম্মেলন করা হয়। এতে দরবার শরিফের প্রধান জোবায়ের হোসেন চৌধুরী লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, এটি সরকারের রেজিস্ট্রেশন করা বেসরকারি সেবামূলক সংস্থা। মিশনের মূল লক্ষ্য কর্ম, মানবতা ও শান্তি। গরিব অসহায় ২৫ জন ছাত্রকে পড়ালেখা ও খাওয়া-থাকার ব্যবস্থা করেছে মিশন। এ ছাড়া প্রতিবছর শতাধিক ছাত্রকে বইসহ কাগজ-কলম দেওয়া হয়। তাঁরা সরকারি, বাংলার সংস্কৃতি ও ইসলামি আচার-অনুষ্ঠান ও দিবস উদ্যাপন করে থাকেন। প্রতি বৃহস্পতিবার পুরুষ ও রোববার নারীরা মিলাদ মাহফিল করেন। কিন্তু ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির নামে কিছু ‘মৌলবাদী লোক’ প্রচারপত্র ছাপিয়ে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ দরবার শরিফে কোনো ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড করা হয় না।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হাক্কানি মিশন আঞ্চলিক পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করতে একটি পক্ষ তাঁর ও মিশনের কর্মকাণ্ডের বিরোধিতা করছে। ২৭ জানুয়ারি ঢাকা থেকে মিশনের একটি দল বনভোজনে এ দরবার শরিফে এসে একটু গান-বাজনা করে। এই সূত্র ধরেই ওই পক্ষ পানি ঘোলা করে মাছ শিকার করতে চাইছে।
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর থাকবে।’