ভোলায় ১১ নৌপথে সি-ট্রাক নেই, ছোট নৌযানে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ১৩টি নৌপথের মাত্র দুটিতে সি-ট্রাক চলাচল করছে। সি-ট্রাক না থাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ১১টি পথে ছোট ট্রলার ও লঞ্চ চলছে। যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ২০০১ সালের পর ভোলার মির্জাকালু-আলেকজান্ডার, হাকীমউদ্দিন-আলেকজান্ডার, দৌলতখান-আলেকজান্ডার নৌপথে তিনটি সি-ট্রাক চলাচল করত। সাত-আট বছর ধরে এর চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কচ্ছপিয়া ঘাট-কুকরিমুকরি-ঢালচর, কচ্ছপিয়া-চরমন্তাজ, তুলাতুলি-মতিরহাট, দৌলতখান-হাজীপুর, তজুমদ্দিন-চর জহিরুদ্দিন, ভেলুমিয়া-ধুলিয়া, বেতুয়া-মনপুরা, মনপুরা-হাতিয়া নৌপথে কোনো সি-ট্রাক চলে না। ওই সব পথের যাত্রীদের বাধ্য হয়ে ট্রলার ও ছোট লঞ্চে করেই যাতায়াত করতে হয়।
৪ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মায় এমএল পিনাক-৬ ডুবে যাওয়ার পর প্রশাসনের নজরদারিতে এসব নৌপথে ট্রলারে যাত্রী পারাপার কমেছে। এতে ভোলা থেকে কর্মস্থলের উদ্দেশে যাওয়া যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
বর্তমানে ভোলার ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুরের নজু চৌধুরীর ঘাট ও মনপুরা উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন থেকে তজুমদ্দিন উপজেলার স্লুইচঘাট পর্যন্ত মাত্র দুটি সি–ট্রাক চলাচল করে। কিন্তু সি-ট্রাকগুলো বছরের অধিকাংশ সময়ই নষ্ট হয়ে পড়ে থাকে।
মনপুরা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম জানান, মনপুরায় লক্ষাধিক মানুষের বসবাস। এ উপজেলা থেকে ভোলার অন্যান্য উপজেলা ও বাইরের বিভিন্ন জেলা-উপজেলায় যোগাযোগের জন্য সি-ট্রাকের চেয়ে নিরাপদ কোনো নৌযান নেই।
চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী, ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম হাওলাদারসহ একাধিক যাত্রী বলেন, ঢালচর, কুকরিমুকরি, চরপাতিলা ও চরমন্তাজ এলাকা জনবসতিপূর্ণ। এসব এলাকা মৎস্য অবতরণ ঘাট হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। বারো মাসই ওই সব সাগর মোহনায় নদী উত্তাল থাকে। ফলে ছোট ছোট লঞ্চ-ট্রলারে ধারণক্ষমতার ১৫-১৬ গুণ যাত্রী চলাচল করছে।
একাধিক যাত্রীর অভিযোগ, একশ্রেণির সুবিধাভোগী রাজনৈতিক নেতা ও ট্রলার-লঞ্চমালিক সি-ট্রাক চলাচলে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। তাই যাত্রীরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য ছোট ট্রলারে সাগর মোহনার উত্তাল মেঘনা পার হচ্ছেন।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘নৌপথে পর্যাপ্ত সি-ট্রাক প্রয়োজন। সি-ট্রাক চালুর বিষয়টি জেলা প্রশাসনের সভায় উত্থাপন করা হয়েছে।’
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমাদের সি-ট্রাকের সংকট রয়েছে। যেগুলো আছে, তার বেশির ভাগই বিকল হয়ে পড়ে আছে। বিকল সি-ট্রাকগুলো চালু করা ও নতুন কিছু সি-ট্রাক আনার পরিকল্পনা করেছি।’