
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে ভোলায় প্রায় ৩০০ কিলোমিটার সড়ক এবং পাঁচটি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোর অধিকাংশই চরাঞ্চলের। এগুলো সংস্কারে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে জেলা ত্রাণ অধিদপ্তর।
গত এক সপ্তাহ ঘুরে দেখা যায়, ভোলা সদরের জংশন-রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, রাজাপুর ইউনিয়নের দুর্গম রামদাসপুর-সুলতানি সড়ক, কাঁচিয়া রামদেবপুর-বারাইপুর সড়ক, ভেদুরিয়া চর চটকিমারা সড়ক, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কসহ কমপক্ষে ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ রাজাপুর এলাকার আমির হোসাইন বলেন, সড়কের অভাবে ভাঙনকবলিত মানুষেরা তাঁদের ঘরবাড়ি ও মালামাল সরাতে পারছে না।
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাটওয়ারী বাজার-এক নম্বর কমিউনিটি ক্লিনিক সড়ক, পাটওয়ারী বাজার-মোশাররফ পণ্ডিতবাড়ি সড়ক, জাফর কলোনি-মদনপুর আশ্রয়ণ সড়ক, ইউনিয়ন পরিষদ-চরমুন্সি বড়খাল সড়ক, চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়-আলাউদ্দিন মালের বাড়ি সড়ক, পাটওয়ারী বাজার (পশ্চিম)-আবু কালাম আনিসের বাড়ি সড়কের বেশি ক্ষতি হয়েছে।
মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, আগে থেকে সংস্কার না করায় ঘূর্ণিঝড় রোয়ানুতে সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমসহ ২২ জন বলেন, ঘূর্ণিঝড়ে দুটি স্থান দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকেছে। এতে নতুন বাজার থেকে উত্তর দিকে হোসেন মিয়া সড়ক, পূর্ব দিকে চর উদয়খালী মাটিরকিল্লা সড়ক পর্যন্ত ফয়েজ আহমেদ সড়ক, লর্ড হার্ডিঞ্জ ডিসি রোড থেকে পূর্ব দিকে বেড়িবাঁধ পর্যন্ত জলিলিয়া সড়ক, পশ্চিম দিকে উত্তর লর্ড হার্ডিঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, লর্ড হার্ডিঞ্জ অফিস রোড থেকে পূর্ব দিকে ডিসি রোড পর্যন্ত উত্তর অন্নদাপ্রসাদ সড়কসহ প্রায় ১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লাপুকুর-চৌমুহনী সড়ক, স্লুইসগেট-বাজার সড়ক, তজুমদ্দিন বাজার-দুপুরনিরখাল সড়ক, তজুমদ্দিন বাজার-কেয়ামুল্যাহ সড়কসহ চর জহিরুদ্দিনের মোট ১৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের অধিকাংশ এখনো জোয়ারের পানিতে ডুবে যায়।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নবাব মিয়ারহাট-বোরহানগঞ্জ সড়কসহ নয় কিলোমিটার সড়ক, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা কমিউনিটি ক্লিনিক থেকে আবুল কাশেম মেম্বারের বাড়ি সড়কসহ সাত কিলোমিটার কাঁচা রাস্তা এবং ঢালচর ইউনিয়নের ২০ কিলোমিটার কাঁচা সড়ক ধসে গেছে।
কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ইউনিয়নে উঁচু মাটির সড়ক করা জরুরি। নইলে বারবার ঝড়-জলোচ্ছ্বাসে মাটির সড়ক নষ্ট হচ্ছে।
মনপুরা উপজেলা সদর ইউনিয়নের কলাতলি চরের অফিসখাল-রিপন বাজার সড়কসহ সাত কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, ঝড়ে কমবেশি সব সড়কের ক্ষতি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভোলার নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘রোয়ানুতে এলজিইডির প্রায় ১১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি সংস্কারের জন্য চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বরাদ্দ এলে কাজ হবে।’
ভোলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঝড়ে তাঁদের মোট ৪০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল লতিফ বলেন, সাত উপজেলায় পাকা, আধা পাকা ও কাঁচা সড়ক মিলিয়ে প্রায় ২৮৭ কিলোমিটার সড়ক এবং পাঁচটি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সারাতে আনুমানিক ৫০ কোটি টাকা লাগবে। এ হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।