ভোলায় ৫০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার তিন ইউনিয়নের কয়েক শ লোক জোয়ারের পানির কারণে পরিবার-পরিজন, গবাদিপশু ও আসবাব নিয়ে জংশন-ভেদুরিয়া বাঁধ সড়কে আশ্রয় নিয়েছে। ওই এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রাজাপুর, পূর্ব-ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, খেত ও পুকুর ডুবে গেছে। মানুষ গবাদিপশু ও ঘরের আসবাব নিয়ে জংশন-ভেদুরিয়া বাঁধ সড়কে উঠে এসেছে। সেখানে খোলা আকাশের নিচে তারা রান্না করে খাচ্ছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, জোয়ারের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিপৎসীমার প্রায় সাড়ে তিন মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্র বলেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর সময় ঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব ইলিশা এবং রাজাপুর ইউনিয়নের প্রায় চার কিলোমিটার রিং বাঁধ ভেঙে যায়। পরে ওই এলাকার ছয় কিলোমিটার অংশ ভাঙনের কবলে পড়ে। এরপর থেকে অমাবস্যা-পূর্ণিমার প্রভাবে রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন জোয়ারে ডুবে যাচ্ছে। এ ছাড়া মেঘনা-তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা শতাধিক চরে বাস করা মানুষও জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
বাঁধে আশ্রয় নেওয়া রিয়াজ (৩২) বলেন, ‘দুই মাস ধইর্যার পানিত ভাসতে আছি। এইবার জোয়ারের দমা (ঢেউ) বেশি। ঘরের চাল ডুবি গেছে, ঘর টিকান দায় অই গেছে। হেরলাই রাস্তার উরফে উডি আইছি পোলাইনছালাই লই, এনেই রান্দি-এনেই খাই।’
জানা গেছে, অস্বাভাবিক জোয়ারে বাড়িঘরে পানি ওঠায় অনেকেই রাস্তায় আশ্রয় নিয়েছে। এসব মানুষের আয় করার সুযোগ নেই। ঘর ও ঘরের আসবাব সরানোর কাজে তারা ব্যস্ত। ফলে অনেকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলাল হাওলাদার ও মাসুদ রানা বলেন, তাঁদের ইউনিয়নের সব বাড়ি ডুবে গেছে।