ভৌতিক বিলে অতিষ্ঠ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনিয়ম, দুর্নীতি ও ভৌতিক বিলে অতিষ্ঠ গ্রাহকেরা। পিডিবির কতিপয় কর্মচারী এই অনিয়ম ও ভৌতিক বিলের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক ও পিডিবি সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতৈল, লতিফপুর ও তরফপুর ইউনিয়নের বাঁশতৈল, পেকুয়া, বংশীনগর, কাইতল্যা, গায়বেতিল, অভিরাম, আমরাতৈল, টাকিয়া কদমা ও শিরঘাটা গ্রামের প্রায় দেড় হাজার গ্রাহক কয়েক বছর আগে সখীপুর পিডিবির কার্যালয় থেকে বিদ্যুৎ-সংযোগ নেন।
বাঁশতৈল গ্রামের মনিরুজ্জামান, নাছির সিকদার, মঞ্জু মিয়া, আবদুল বাছেদ, তহিরুদ্দিনসহ অনেকেই অভিযোগ করেন, বিদ্যুতের মিটার না দেখেই পিডিবি থেকে ইচ্ছেমতো বিল করা হয়। বাড়িতে বিলের কাগজ না দিয়ে দোকানে রেখে যান কর্মচারীরা। বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন মেরামতের তাগিদ দিলে লাইনম্যান খোরশেদ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন। বেশি বিল এলে সাময়িক বিল বিতরণকারী শফিকুল ইসলামকে ২০০-৩০০ টাকা দিলেই বিল কমিয়ে দেওয়া হয়। এ ছাড়া শফিকুল বিল বেশি আসার অজুহাত দেখিয়ে মিটার পরিবর্তনের জন্য কোনো কোনো গ্রাহকের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন।
বাঁশতৈল কলেজপাড়া এলাকার প্রবাসী ছানোয়ার হোসেনের স্ত্রী কুলছুম বেগম জানান, শুরুতে প্রতি মাসে গড়ে ৩০০ টাকা বিল আসত। বিল বেশি আসায় শফিকুল মিটার পরিবর্তন করতে দুই হাজার টাকা চান। রাজি না হওয়ায় এক মাসে ৬৬২ টাকা বিল আসে। পরে তাঁকে দুই হাজার টাকা দিলেও এখনো গড়ে প্রতি মাসে ৪০০ টাকা বিল আসছে।
কলেজপাড়ার রমেজ উদ্দিন বলেন, প্রায় তিন মাস আগে শফিকুল মিটার পরিবর্তনের জন্য দুই হাজার টাকা নেন এবং তাঁর বাড়ির মিটারটি খুলে নিয়ে যান। তবে সে সময় শফিকুল সরাসরি বিদ্যুৎ-সংযোগ দিয়ে যান। এখনো তিনি মিটার দেননি, অথচ বিল আসছে।
মুরগির খামারি নাছির উদ্দিন জানান, প্রতি মাসে তাঁর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিল আসে। কিন্তু শফিকুলকে ২০০ থেকে ৩০০ টাকা দিলে তিনি বিল কমিয়ে ৫০০ টাকায় নিয়ে আসেন।
বাঁশতৈল দক্ষিণপাড়া সিয়াম জামে মসজিদের ইমাম আহম্মদ আলী জানান, মসজিদে বিদ্যুৎ-সংযোগ নিতে গত জুন মাসে সখীপুর পিডিবির কার্যালয়ে আবেদনের পর তারা তারসহ একটি মিটার দিয়ে যায়। কিন্তু বিদ্যুতের সংযোগ না দিয়েই গত আগস্ট মাস থেকে এ বছর এপ্রিল পর্যন্ত নয় মাসে ৭ হাজার ৫০১ টাকা বিল আসে। বিলের এই টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে নোটিশও দেওয়া হয়েছে। অথচ এখনো তাদের সংযোগই দেওয়া হয়নি।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে লাইনম্যান খোরশেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
আর শফিকুল বলেন, ‘রিডিং দেখার বিষয়টি মিটার রিডারের। তাঁর এক সহকর্মীর মৃত্যুর পর তিনি একা হয়েছেন। এ জন্য বিল গ্রাহকদের বাড়িতে না দিয়ে সুবিধাজনক স্থানে ২০ থেকে ৩০ জনের বিল রাখা হয়। তবে বিল কমানোর জন্য ২০০-৩০০ টাকা করে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। কিন্তু মিটার পরিবর্তনের জন্য দুই হাজার টাকা নেওয়ার বিষয়ে শফিকুল বলেন, ‘ওই ২ হাজার টাকার ১ হাজার ৪৬০ টাকা জমা দিতে হয়। বাকি টাকা অফিসের খরচ হিসেবে পাই।’
এ বিষয়ে জানতে চাইলে মিটার রিডার সোহরাব হোসেন বলেন, প্রয়োজনের তুলনায় জনবল খুবই কম। এ কারণে অভিযোগ পাওয়া না গেলে সব সময় এলাকায় যাওয়া সম্ভব হয় না। সাময়িক বিল বিতরণকারী শফিকুলকে বিল দেওয়ার সময় রিডিং আনতে বলা হয়েছে। তিনি রিডিং আনলে মিটারের বিল করা হয়।
সখীপুর পিডিবির সহকারী প্রকৌশলী আল আমিন বলেন, ভৌতিক বিলের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন। এ ব্যাপারে কথা বলতে নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।