ভৌতিক বিলে দিশেহারা গ্রাহক
নীলফামারীর ডোমার উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) আওতাভুক্ত সেচপাম্প মালিক ও সাধারণ গ্রাহকেরা ভৌতিক বিলের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। ব্যবহৃত ইউনিটের চেয়ে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু তা সংশোধনের জন্য মাসের পর মাস পিডিবির কার্যালয়ে ধরনা দিলেও আর কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রাহকেরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডোমার কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁদের জনবলসংকটের কারণে কিছু সমস্যা হচ্ছে। তবে ভৌতিক বিলের ঢালাও অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। গত মঙ্গলবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পিডিবির গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের সেচপাম্পের মালিক আলী রেজা মো. ফরিদ অভিযোগ করেন, ‘আমি প্রায় দুই বছর যাবৎ বিদ্যুৎ বিভাগের চাপিয়ে দেওয়া ভৌতিক বিলের সমস্যায় ভুগছি। আমার দুটি সেচপাম্পের মিটার রয়েছে। ব্যবহৃত ইউনিটের চেয়ে বিল বেশি দেওয়ায় আমি অভিযোগ করি। তারা বলে, আমার মিটার নষ্ট। কিন্তু আমার মিটারে কোনো ত্রুটি ছিল না। তারপরও পিডিবির পরামর্শে সাড়ে তিন হাজার টাকা খরচ করে ডিজিটাল মিটার বসিয়েছি। কিন্তু সমস্যা আরও বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘ডিজিটাল মিটার নেওয়ার পর আমার মিটারে ৭৬১ ইউনিট ব্যবহার হলেও গত ৪ নভেম্বর ২০৫০ ইউনিট দেখিয়ে ৬ হাজার ৪৮৩ টাকা বিল করা হয়েছে। আরেকটি মিটারে শূন্য ইউনিট দেখিয়ে ২৪ হাজার ৮৯১ টাকা বিল দিয়েছেন। অভিযোগ করলে তাঁরা বলেন, বিল দেন, আমরা পরে ব্যবস্থা নেব। সে অনুযায়ী দুটি মিটারে ১৬ হাজার টাকা পরিশোধও করি। কিন্তু আমার বিল সমস্যার কোনো সমাধান না করে এখন বরং ওই বিলের জন্য চাপ সৃষ্টি করছেন পিডিবির লোকজন।’
খাটুরিয়া গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ফারুক হোসেন (৮০) অভিযোগ করেন, তাঁরা কোনো দিন মিটার দেখেন না। অফিসে বসে ইচ্ছামতো বিল করেন।
ডোমার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেন, তাঁদের কার্যালয়ের আওতায় ডোমার-ডিমলা ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আংশিক মিলে ২০ হাজার গ্রাহক রয়েছেন। তিনি আরও বলেন, ক্ষুদ্র শিল্প ও সেচপাম্প মিটার দেখার দায়িত্ব উপসহকারী প্রকৌশলীর। এখানে তিনজন উপসহকারী প্রকৌশলীর পদ থাকলেও আছেন মাত্র একজন। এ কারণে কিছু সমস্যা হচ্ছে। তবে গ্রাহকেরা যেভাবে ঢালাও অভিযোগ করছেন তা ঠিক না। তারপরও যাঁদের বিল বেশি দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।