ভেড়ামারা-খুলনা গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের কাজ বুধবার শুরু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ-রায়গ্রাম মাঠের মাঝে দুটি পাইপ সংযোগের মধ্য দিয়ে এ কাজ উদ্বোধন করা হয়। গ্যাস পাইপলাইন স্থাপন প্রকল্পটি ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। গতকাল উদ্বোধন হলো ডি বিভাগের কাজ। এ বিভাগে ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। বুধবার দুপর ১২টায় এ কাজ উদ্বোধন করেন গ্যাস সঞ্চালন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুর রহমান। এ উপলক্ষে স্থানীয় রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান জেমকন গ্রুপের কর্মকর্তা সাঈদ আহমেদ, গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুর রাজ্জাক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা প্রমুখ বক্তৃতা দেন।এ গ্যাস লাইন স্থাপনের কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাশাপাশি লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।