ভেড়ামারা রেলস্টেশনের প্লাটফর্ম সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের প্লাটফর্ম সম্প্রসারণ ও এর সংস্কারকাজে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে এবং স্টেশনের নতুন স্থাপনা ভেঙে ফেলেছে।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঠিকাদার সংস্কারকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করেছেন। এ অবস্থায় তাঁরা উন্নত মানের সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন।পাকশী রেলস্টেশনের বিভাগীয় প্রকৌশলী এ এস এম মাসুদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক মাস আগে ভেড়ামারা স্টেশনের এক পাশের প্লাটফর্ম সম্প্রসারণ ও সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়া হয়। মেসার্স এনাম বিশ্বাস নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এ কাজের জন্য সাত-আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১৫ দিন আগে কাজ শুরু হয়েছে। এক মাসের মধ্যে কাজ শেষ করার কথা।অনিয়মের অভিযোগের বিষয়ে প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে এমন খবর পাইনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সামগ্রীগুলো এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে।এলাকাবাসী জানায়, কাজ নিম্নমানের হওয়ায় ট্রেন এলে প্লাটফর্মের ইটগুলো কেপে ওঠে। এ কারণে ক্ষুব্ধ জনতা সংস্কার করা কাজ বন্ধ করে দিয়েছে।রেল স্টেশনের স্টেশন মাস্টার সামসুল আলম বলেন, নিম্নমানের কাজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এনামুল হক বিশ্বাস নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ দখলদাররা স্টেশনের নতুন স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। বিষয়টি তিনি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পৌর মেয়রকে জানিয়েছেন।