ভেড়ামারার শিক্ষক খুনের আসামি ঈশ্বরদীতে গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলামকে (৩৮) পাবনার ঈশ্বরদীতে ধরে গণপিটুনি দিয়েছেন নিহত শিক্ষকের আত্মীয়স্বজনসহ স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁকে ঈশ্বরদী থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বুধবার ঈশ্বরদীর পাকশী এলাকার রূপপুরে এ ঘটনা ঘটে।
গত এপ্রিল মাসের ২৫ তারিখ রাতে প্রধান শিক্ষক মজিবুর রহমান দুর্বৃত্তের হামলায় খুন হন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন বলেন, শিক্ষক খুনের আসামি কামরুলকে আগে থেকেই অনুসরণ করছিলেন নিহত শিক্ষকের আত্মীয়স্বজন। শেষ পর্যন্ত গতকাল দুপুরে কামরুলকে পাকশীতে হাতের নাগালে পেয়ে ধাওয়া করলে স্থানীয় ব্যক্তিরাও তাঁদের সঙ্গে যোগ দেন। শেষ পর্যন্ত কামরুলকে ধরে গণপিটুনি দেন তাঁরা।
কামরুল শিক্ষক মজিবুর রহমান হত্যা মামলার ৪ নম্বর আসামি।
রেলেরআবাসিকভবনের৮০ভাগঅবৈধদখলে
লিংকন মো. লুৎফরজামান সরকার, ঈশ্বরদীথেকেফিরে
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের কোয়ার্টারের (আবাসিক ভবন) ৮০ ভাগের বেশি অবৈধ দখলে রয়েছে।এর মধ্যে পরিত্যক্তঘোষিত ৩৯৬টি ইউনিটও রয়েছে।এই অবস্থায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বেশি টাকায় অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী-কার্য-এর ২০১৫ সালের জুন মাসের প্রতিবেদন অনুসারে ঈশ্বরদীতে রেলওয়ের ৩৪২টি আবাসিক ভবনে ইউনিট রয়েছে ১ হাজার ২১২টি।এসব ইউনিটের ৮২ শতাংশ অবৈধ দখলে।রেলওয়ে ৩৯৬টি ইউনিট পরিত্যক্ত ঘোষণা করলেও সেগুলোতেও ঝুঁকি নিয়ে অবৈধভাবে মানুষ বসবাস করছেন।
আবাসিক ভবনগুলো ঘুরে জানা যায়, আবাসিক ভবনগুলো মূলত এক ও দুই ইউনিটের।এখানে বসবাসকারী বেশির ভাগ মানুষই নিম্ন আয়ের।কারা ভাড়া দিয়েছেন বা কত টাকায় ভাড়া দিয়েছেন, এসব বিষয়ে বসবাসকারী কেউ কিছু বলতে রাজি হননি।আর রেলের কর্মচারীরা বলছেন, বৈধ বসবাসকারী না থাকায় এসব ভবন থেকে রেলওয়ে কোনো ভাড়া পাচ্ছে না।
অবৈধ বাসিন্দা বাবলু মিয়া বলেন, ‘আমার বাবা রেলে কাজ করতেন।এখানে জন্মের পর থেকে আছি।যদি পারেন সরকারকে বলেন বিল্ডিংগুলো (ভবন) ঠিক করে দেয় যেন।’
রেলের কয়েকজন কর্মচারী বলেন, কোয়ার্টার না পাওয়ায় তাঁদের বাড়তি টাকা দিয়ে অন্যত্র বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে।আবার কোয়ার্টার থেকে কোনো ভাড়াও পাচ্ছে না রেলওয়ে।এতে একদিকে সরকার আয় হারাচ্ছে, অন্যদিকে কর্মীদের বেশি টাকা খরচ হচ্ছে।তা ছাড়া ভাড়া বাড়ি দূরে হওয়ায় অনেকে কর্মস্থলে দেরি করে আসছেন।
রেলওয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের বাসা প্রয়োজন, কিন্তু অবৈধ দখলদারের কারণে বাসা পাচ্ছি না।যাঁরা কোয়ার্টারগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে আছেন, তাঁদের কারণেই সেগুলো দখলমুক্ত হচ্ছে না।’
সহকারী ট্রেনচালক মোক্তার আলী মিঞা বলেন, ‘দখলের কারণে কোনো কোয়ার্টার খালি নেই।কর্তৃপক্ষের উদাসীনতা এর জন্য দায়ী।আমরা যাঁরা এখানে আছি, স্থানীয়দের ভয়ে তেমন কিছু বলতে পারি না।’
রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হাবিবর রহমান বলেন, ‘অনেকেই অনেক ধরনের কথা বলেন।কোয়ার্টার দখলে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।যদি কোনো সম্পৃক্ততা কেউ প্রমাণ করতে পারে, তবে যা ব্যবস্থা নেওয়া হবে, তা মাথা পেতে নেব।’
আবাসিক ভবন দখলের বিষয়ে বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক বলেন, পরিত্যক্ত ভবনগুলো সংস্কারের কোনো পরিকল্পনা নেই।আর অবৈধ দখলদারের তালিকা বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়কে দেওয়া হয়েছে।প্রয়োজন হলে তারা উচ্ছেদ অভিযান চালাবে।
দখলদারউচ্ছেদকরেদখল!
পাবনা অফিস
বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডান পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাঝে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।গাছের ডালে, দড়িতে ঝুলছে তিনজনের ছবি।সামনে লম্বা ব্যানার।তাতে লেখা, বাংলাদেশ আওয়ামী লীগ আর-আতাইকুলা ইউনিয়ন ও অঙ্গসংগঠনের কার্যালয়।
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের মাধপুর বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে সেই জমি এভাবেই নিজেদের দখলে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দখলের এ চিত্র দেখা যায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা-ঢাকা মহাসড়কের পাশে সওজ বিভাগের বেশ অনেখানি জমি রয়েছে।দীর্ঘদিন ধরে এ জমিতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধভাবে চা, পান, মুদিদোকানসহ বিভিন্ন পণ্যের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।হঠাৎ করেই জমিটির ওপর নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের।৪ জুন সকালে আওয়ামী লীগের স্থানীয় নেতা আরশেদ আলী ভাণ্ডরী, মশিউর রহমান ও আবদুল কুদ্দুস লোকজন নিয়ে সেখানে এসে অবৈধ ব্যবসায়ীদের উঠে যেতে নির্দেশ দেন।ভয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের স্থাপনা দ্রুত সরিয়ে নেন।তাঁরা সরে যেতেই আওয়ামী লীগের ওই নেতারা ও তাঁদের লোকজন জমিটিতে ব্যানার টানিয়ে আর জমিতে দাঁড়ানো গাছে বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছবি টাঙিয়ে দেন।সেই সঙ্গে জমিটিতে ঢোকার মুখে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কার্যালয় লেখা ব্যানার ঝুলিয়ে দেন।
উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করেই জমিটি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নজরে পড়েছে।তাঁরা পার্টির কার্যালয়ের নামে জমিটি দখলে নিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার পাঁয়তারা করছেন।আর এ কাজে তাঁদের নেপথ্য শক্তি হিসেবে কাজ করছেন আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী।তাঁর ইন্ধনেই আওয়ামী লীগের স্থানীয় নেতারা জমিটি দখলে নেন।গত সোমবার সকালে কোরবান আলী বিশ্বাসের শ্যালক আজাদ হোসেন উপস্থিত থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে জায়গাটি ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছেন।
আগের অবৈধ দখলদার ও উচ্ছেদ হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, তিনিসহ প্রায় ১৭ জন ব্যবসায়ী ২৫ থেকে ৩০ বছর ধরে এই জমিতে দোকান করে জীবিকা নির্বাহ করছিলেন।কিন্তু হঠাৎ কোনো ধরনের প্রশাসনিক নির্দেশ ছাড়াই তাঁদের উঠে যেতে বলা হলো।
অপর এক ব্যবসায়ী বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই জমিতে দোকান করছি।কোনো দিন কেউ এই জমির ভাড়াও নেয়নি।হঠাৎ করে লোকজন এসে আমাদের দোকান ভেঙে দিল।এখন শুনছি এখানে আওয়ামী লীগের অফিস হবে।’
আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।তবে তাঁর মুঠোফোনে ছেলে মিরাজুল ইসলাম বলেন, তাঁর বাবা নির্বাচনের পর থেকেই অসুস্থ।তাঁর বাবার নাম ভাঙিয়ে কেউ কিছু করলে সে জন্য তো তিনি দায়ী হতে পারেন না।
আওয়ামী লীগের স্থানীয় নেতা মশিউর রহমান বলেন, ‘যারা এখানে দোকান করে ব্যবসা করছিল, তারা অবৈধভাবে ছিল।জায়গাটি আমার।তাই আমি তাদের তুলে দিয়েছি।’
আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশেদ আলী ভাণ্ডরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে মশিউরই ভালো জানে।ইউনিয়ন আওয়ামী লীগের একটি অফিসের জন্য এখান থেকে কিছু জায়গা দেওয়া হবে।তাই আমরা সম্পৃক্ত হয়েছি।’
এদিকে সওজ বিভাগ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার ওই জমি সওজের সেটা নিশ্চিত করে বলেন, ‘জমিটিতে অবৈধ দখলদার ছিল সেটা আমি জানি।তবে কারা তাদের উচ্ছেদ করে নতুন করে দখল করছেন তা জানা নেই।এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসকের হুঁশিয়ারি
‘যাওয়ার আগের দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেব’
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হলে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।গত মঙ্গল ও গতকাল বুধবার পরপর দুদিন দুটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এভাবে হুঁশিয়ার করে বক্তব্য দেন।
সার্কিট হাউসে গতকাল সাংবাদিকদের নিয়ে বেসিক আউটসোর্সিং-বিষয়ক এক কর্মশালায় জেলা প্রশাসক বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে সংবাদ করা হলে আর সেটির ভিত্তিতে তাঁকে বদলি করা হলে যাওয়ার আগের দিন তিনি ওই পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দিয়ে যাবেন।তিনি আরও বলেন, কোনো পত্রিকার ডিক্লারেশন দেওয়ার যেমন তাঁর ক্ষমতা রয়েছে, তেমনি বাতিল করার ক্ষমতাও তাঁর রয়েছে।
এর আগে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রে ‘চাঁপাই আমের বিলেতযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েও স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রায় একই ধরনের হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন।ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম অপ্রাসঙ্গিকভাবে বলেন, ‘একজন জেলা ম্যাজিস্ট্রেট, যিনি তিন-চারবার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন, তাঁর বিরুদ্ধে লেখার আগে একটু ভাববেন।আপনি কোন পজিশনে আছেন, কার বিরুদ্ধে লিখছেন, কেন লিখছেন।জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ডিক্লারেশন দিয়ে থাকেন আর জেলার জেলা প্রশাসক ভিআইপি পারসন।তিনি ডিক্লারেশন বাতিলের ক্ষমতা রাখেন।কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ করার চেষ্টা করলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই তাঁর পত্রিকার ডিক্লারেশন বাতিল।তারপর কী হবে সেটা পরের ব্যাপার।’
সম্প্রতি স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র ও সাপ্তাহিক সীমান্তের কাগজ পত্রিকা জেলা প্রশাসক জাহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে।সংবাদ প্রকাশের পর দৈনিক চাঁপাই চিত্র-এর ডিক্লারেশন কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কমে আসছে বাড়িতে মুড়ি ভাজার রেওয়াজ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পবিত্র রমজান মাস এলেই এখন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আর আগের মতো বাড়ি বাড়ি মুড়ি ভাজার ধুম পড়ে না।নানা কারণে এখন বাড়িতে এসব ঝামেলা করতে চান না অনেকে।গত দুই দিন উপজেলার রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও ধামাইনগর, ধানগড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা ইউনিয়নের ১০টি গ্রাম ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে তাঁরাই এসব কথা জানান।
রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরভানু বেগম (৫৯) বলেন, আগে রোজা শুরু হওয়ার মাস খানেক আগে থেকেই ইফতারির অন্যতম উপাদান মুড়ি ভাজার প্রস্তুতি শুরু করতে হতো।মুড়ি ভাজার জন্য আলাদা করে রাখা ধান সিদ্ধ করে শুকিয়ে ঢেঁকিতে ছেঁটে চাল তৈরি করে রাখা হতো।তারপর বাড়ির বউ-ঝি মিলে সারা দিন ধরে চলত শুধু মুড়ি ভাজা।সবাই মিলে মুড়ি ভাজা আর ইফতারের সময় সেই মুড়ি খাওয়ার আনন্দই ছিল আলাদা।
আরেক বাসিন্দা রাবেয়া বেগম বলেন, মুড়ি ভাজা খুব কষ্টের বলে এখনকার বউ-ঝিরা আর ওই ঝামেলায় যেতে চান না।এখন বাজারের মুড়িই ভরসা।
রণতিথা এলাকার মাসুদ রানা বলেন, এক কেজি মুড়ির চাল বাজার থেকে ৩২-৩৫ টাকায় কিনতে হয়।এরপর আছে খড়ি-শোলা আর মুড়ি ভাজার লোকের মজুরি।এত ঝামেলা না করে বাজার থেকে কেনা মুড়িতেই ইফতার করা সহজ।
এদিকে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রুখসানা খাতুন বলেন, এখনকার বেশির ভাগ বউ-ঝি মুড়ি ভাজতে পারেন না।ফলে মুড়ি ভাজায় দক্ষ মানুষ ডাকতে হয়।তাঁরা প্রতি কেজি চাল ১০ টাকা হিসাবে ভেজে দেন।পরের কাজ অর্থাৎ, মুড়ি কাপড় দিয়ে পরিষ্কার করার কাজ বাড়ির লোকজনকেই করতে হয়।
মুড়ি ভাজায় দক্ষ ধানগড়া গুচ্ছগ্রামের মাহফুজা বেগম বলেন, প্রতি কেজি চাল ভাজতে ১০ টাকা মজুরি দিলেও বয়সের কারণে এখন আর এ কাজ করতে চান না তিনি।তারপরও কারও কারও ডাক ফেলতে পারেন না বলে রোজা আসার আগে আগে সেসব বাড়িতে গিয়ে মুড়ি ভেজে দিয়ে আসেন।
এলাকার প্রবীণ আত্তারুন্নেছা বেগম বলেন, কিছুদিন পর আর মুড়ি ভাজার লোকও খুঁজে পাওয়া যাবে না।কষ্টকর কাজ বলে কেউ এসব শিখতে চান না।
ব্যস্ততাসহ বিভিন্ন কারণে বাঙালির বিভিন্ন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলে আক্ষেপ করে ধানগড়া ইউনিয়নের জেকেএ মান্নান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার বলেন, নিজেদের ঐতিহ্য নিজেদেরই রক্ষা করতে হবে।রোজার দিনে ইফতারির প্রধান উপকরণ মুড়ি বাড়িতে ভাজার রেওয়াজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উত্তরেরগলদাচিংড়িরপোনাযাচ্ছেদক্ষিণে
এম আর আলম, সৈয়দপুর (নীলফামারী)
দিনাজপুরের পার্বতীপুরের উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্পের গলদা হ্যাচারি খামারে এবার রেকর্ড পরিমাণ গলদা চিংড়ির পোনা উৎপাদিত হয়েছে।এসব পোনা উত্তরের জেলাগুলোর পাশাপাশি সরবরাহ করা হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়।
উত্তরাঞ্চলে মাছের পোনার চাহিদা মেটাতে ২০০০ সালে চিংড়িপোনা উৎপাদনের ওই খামারটি স্থাপন করা হয়েছিল।খামারে নানা প্রজাতির পোনা উৎপাদিত হলেও এবারই প্রথম প্রায় আট লাখ পোনা উৎপাদিত হয়েছে।
ওই গলদা হ্যাচারি খামার সূত্রে জানা গেছে, পোনা উৎপাদনের জন্য ওই খামারে গত বর্ষা মৌসুমে ২০০ মা চিংড়ি আনা হয়েছিল বাগেরহাটের বিভিন্ন নদী থেকে।চিংড়ির লার্ভা প্রতিপালনের জন্য কক্সবাজারের পেকুয়ার লবণ মাঠ থেকে আনা হয়েছিল ব্রাইল ওয়াটার।প্রতি চিংড়ি থেকে পোনা এসেছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজারটি।দক্ষিণাঞ্চলের মাছের ঘেরগুলোতে চিংড়ির চাহিদা বেশি হওয়ায় ওই এলাকার মৎস্যচাষিরা অক্সিজেন দিয়ে ব্যাগে করে চিংড়ির পোনা নিয়ে যাচ্ছেন।
চিংড়ির পোনা কিনতে আসা বাগেরহাটের মৎস্যচাষি রিয়াদ আহমেদ বলেন, দক্ষিণাঞ্চলে চাহিদামতো গলদার পোনা পাওয়া যায় না।তাই তিনি পার্বতীপুরের ওই হ্যাচারি থেকে ১ লাখ ৩০ হাজার গলদার পোনা কিনেছেন।প্রতিটি পোনার দাম পড়েছে ১ টাকা ৬০ পয়সা।সেই সঙ্গে পরিবহন খরচ ২৫ হাজার টাকা।তিনি আরও বলেন, ৫০ শতাংশ চিংড়ির পোনা পূর্ণাঙ্গ চিংড়িতে পরিণত করতে পারলেও যথেষ্ট মুনাফা আসবে।
খামার ব্যবস্থাপক ইসহাক আলী গতকাল বুধবার বলেন, তাঁর খামারে এবার আট লাখের মতো চিংড়িপোনা উৎপাদিত হয়েছে।উপযুক্ত বাজারমূল্য পাওয়া গেলে সাড়ে ১৩ লাখ টাকার মতো পাওয়া যাবে পোনা বিক্রি করে।উৎপাদিত চিংড়িপোনার মধ্যে ৫০ শতাংশ পূর্ণাঙ্গ চিংড়ি হলে ওজন দাঁড়াবে ৪০ হাজার কেজি।৮০০ টাকা কেজি হিসেবে মৎস্যচাষিরা বাজারে তা বিক্রি করতে পারলে আসবে ৩ কোটি ২০ লাখ টাকা।রপ্তানি করলে আয় আসবে আরও বেশি।উত্তরের ১৬ জেলা ছাড়াও পার্বতীপুরের চিংড়ি এখন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
ইসহাক আলী আরও বলেন, খামারের অবকাঠামোগত সংস্কার ও জনবলের ঘাটতি মেটাতে পারলে খামারটিতে আরও বেশি পরিমাণ গলদার পোনা উৎপাদন করা সম্ভব হবে।এতে গলদা চিংড়ি রপ্তানি করে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
নির্বাচনীসহিংসতায়পুলিশকর্মকর্তাসহআহত১০
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার দুই পরাজিত প্রার্থী ও এক বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলায় এক পুলিশের এক কর্মকর্তা, চার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফুলছড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ষষ্ঠ দফার নির্বাচনের পরদিন গত রোববার উপজেলার গজারিয়া ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী হাসান আলীর সমর্থকেরা ওই ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবদুল গনির সমর্থক আজাহার আলীর ঘরবাড়ি ভাঙচুর করেন।তাঁরা আজাহারের গরু-বাছুর নিয়ে যান।এ ঘটনায় আজাহারের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ ঘটনাটি তদন্তে ওই দিন (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে যমুনা নদীর পূর্ব পারে অবস্থিত গলনা গ্রামে যায়।পুলিশের উপস্থিতির কারণে ইউনুস আলী ও হাসান আলীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকেন।এ সময় পুলিশ কয়েকটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ওই হামলায় থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন, চার পুলিশ সদস্য এবং নির্বাচিত ইউপি সদস্য গনি ও তাঁর চারজন সমর্থক আহত হন।খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে।পরে পুলিশসহ অন্য আহত ব্যক্তিদের উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে আবদুল গনি ও তাঁর বড় ভাই আবদুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে জামাল উদ্দিন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি দেখিয়ে গতকাল বুধবার থানায় মামলা করেন।মামলার পর গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
এদিকে আবদুল গনির সমর্থকেরা গতকাল বুধবার দুপুরে ইউনুস আলীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেন।
এ ব্যাপারে আবদুল গনি গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমার ভাই ও সমর্থকদের বাড়িতে হামলা করেছে।’ এ ব্যাপারে ইউনুস আলী বলেন, ‘নির্বাচিত ইউপি সদস্য গনির সমর্থকেরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অদম্য মেধাবী
সামনে এগোতে চায় ওরা
গাইবান্ধা ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মরিয়ম আফরোজ ও রিনতি আক্তার।দুজনই হতদরিদ্র ঘরের।পড়াশোনা চালিয়ে যেতে মরিয়মকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে হয়েছে।রিনতিকে করতে হয়েছে বাড়ির আঙিনায় সবজির চাষ।শত প্রতিকূলতার মধ্যেও তারা নিরলসভাবে পড়াশোনা চালিয়ে গেছে।ফলও পেয়েছে।এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় তারা জিপিএ-৫ পেয়েছে।
সকাল-সন্ধ্যা পাশের বাড়িতে ঝিয়ের কাজ করত মরিয়ম।রাতে গৃহকর্তার ছেলেমেয়েদের পড়াত।এর বাইরে মায়ের কাজে সহযোগিতা করত।ভোরে ও টিফিনের ফাঁকে নিজের পড়াশোনা তৈরি করত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিণাবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মরিয়ম।২০১০ সালে উপজেলার ডুমুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে।২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও জিপিএ-৫ পায় মরিয়ম।
উপজেলার ডুমুরগাছা গ্রামের দিনমজুর মতিয়ার রহমান ও গৃহিণী মোর্শেদা বেগমের সন্তান মরিয়ম।তিন ভাইবোনের মধ্যে মরিয়ম সবার বড়।তার ছোট দুই ভাই মিলাদ মণ্ডল নবম ও মিলন মণ্ডল চতুর্থ শ্রেণিতে পড়ে।
মরিয়মের প্রতিবেশী আবদুল গনি প্রধান বলেন, সংসারে অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণিতে মরিয়মের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়।তখন একই গ্রামের এক স্কুলশিক্ষকের বাড়িতে তার কাজের ব্যবস্থা করে দেওয়া হয়।
মরিয়ম বলে, ‘আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই।কিন্তু জানি না, কত দূর যেতে পারব।আমার স্বপ্ন পূরণ হবে কি না!’ মা মোর্শেদা বেগম বলেন, ‘ছোলট্যা পাস করি হামাক চিনতাত ফ্যালাচে।এ্যাকন বড় কেলাসোত ক্যামন করি পড়ামো, ট্যাকা পামো কোটে?’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আবদুল মতিনের মেয়ে রিনতি।১৫ শতক বসতভিটার ওপর একটিমাত্র জরাজীর্ণ মাটির ঘরই পরিবারের সম্বল।রিনতির বাবা দুই বছর ধরে বেকার।এর আগে একটি বাসস্টেশনে টিকিট বিক্রি করতেন।মা প্রতিবেশীদের বাড়িতে রান্নার কাজে সহায়তা করেন।রিনতি পড়াশোনার পাশাপাশি বাড়ির ভিটেতে শাকসবজির চাষ করত।
রিনতির মনোবল দৃঢ়।সে বলে, ‘আমার দাদা মহিরউদ্দীন শহীদ মুক্তিযোদ্ধা।এক যুদ্ধে তিনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন।আমিও চিকিৎসক হয়ে দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’
পঞ্চগড়েসেইআসামিরজামিনমঞ্জুর
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে এক আসামির জামিন নিয়ে গত মঙ্গলবার হইচইয়ের এক দিন পর গতকাল বুধবার তাঁর জামিন হয়েছে।
এদিকে গত মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে গতকাল জেলা আইনজীবী সমিতির সভা হয়েছে।
আদালত ও কয়েকজন আইনজীবী সূত্রে জানা গেছে, একটি মামলার আসামি আবু সালেক সরকার গত মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম মো. আবিদ আলীর আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন।আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আসামিকে হেফাজতে রাখার ও ১২ জুন অধিকতর শুনানির দিন ধার্য করেন।এ সময় আসামির জামিন না দেওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে চেঁচামেচি ও হইচই করেন।এ ঘটনার পর কয়েকজন আইনজীবী জরুরি সভা আহ্বান করতে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেন।এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে আইনজীবী সমিতি ভবনে জরুরি সভা হয়।সভায় আইনজীবীরা মুখ্য বিচারিক হাকিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনায় অনভিজ্ঞতা, স্বেচ্ছাচারিতা ও অদূরদর্শিতার অভিযোগ আনেন।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জ্যেষ্ঠ আইনজীবীদের একটি প্রতিনিধিদল জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে দেখা করে সভায় আলোচিত বিষয়গুলো জানাবেন বলে সিদ্ধান্ত হয়।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রশীদ বলেন, উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আবু সালেক সরকারের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বি এম তারিকুল ইসলাম।
এলাকার কয়েকজন বাসিন্দা, আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, বিচারিক হাকিম আদালতের স্টেনোটাইপিস্ট মোসাম্মৎ হোসনে আরা স্বামী আবদুল মান্নান ও সন্তানদের ছেড়ে গত ৪ জানুয়ারি সদর উপজেলার গলেহা কান্তমনি এলাকার আবু সালেক সরকারের সঙ্গে চলে যান।এ ঘটনায় মান্নান ৫ জুন মুখ্য বিচারিক হাকিম আদালতে আবু সালেক সরকার, হোসনে আরাসহ চারজনকে আসামি করে মামলা করেন।আদালত প্রত্যেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নিষ্ক্রিয় হলো উদ্ধার হওয়া মর্টার শেল
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে উদ্ধার হওয়া মর্টার শেলটি গতকাল বুধবার নিষ্ক্রিয় করা হয়েছে।দুপুরে পঞ্চগড় শহরসংলগ্ন করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।
বোমা নিষ্ক্রিয়কারী দলে নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন হিশাম মো. শফিক। ‘মর্টার শেল উদ্ধার’ শিরোনামে গত ১০ এপ্রিল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সদর উপজেলার জগদল এলাকার চাওয়াই নদীর গোয়ালপাড়া ঘাটে মাছ ধরতে বালু সরাতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায় স্থানীয় স্কুলশিক্ষার্থী সাকিমুল (১২) ও শাকিল (১৪)।পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দিলে উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা ওই পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।পঞ্চগড়ের জগদলের পাশে অমরখানা এলাকায় পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটি ছিল।চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের বারবার সম্মুখযুদ্ধ হয়েছিল।নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল।
সুন্দরগঞ্জে গ্রাম পুলিশের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গতকাল বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মানববন্ধন করেছে গ্রাম পুলিশ।ঈদের আগে পাঁচ মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সুন্দরগঞ্জ উপজেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সমন্বয়ক ছাদেকুল ইসলাম, উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, ওই ইউনিয়নের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সদস্যরা যথেষ্ট ভূমিকা পালন করছেন।কিন্তু তাঁদের বেতন-ভাতা সামান্য।তাও নিয়মিত নয়।পাঁচ মাস ধরে উপজেলার প্রায় ১৫০ জন গ্রাম পুলিশের বেতন-ভাতা বকেয়া রয়েছে।তাঁরা বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।এ কারণে তাঁরা ওই কর্মসূচি পালন করেছেন।এ ছাড়া তাঁরা গ্রাম পুলিশদের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকরের দাবি জানান।
কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুর অফিস
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাজীপাড়া গ্রামে মরিচখেত থেকে গতকাল বুধবার মো. রাকিবুল ইসলাম রিয়াজ (১৬) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় কিশোরটির পরিবার বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছে।
নিহত মো. রাকিবুল ইসলাম রণগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কৃষক আবদুল বাকীর ছোট ছেলে।সে এবার এসএসসি পাস করেছে।
আবদুল বাকী জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মো. রাকিবুল ইসলামের মুঠোফোনে ফোন আসে।কথা বলতে বলতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।রাতে সে বাড়ি ফেরেনি।সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মরিচের খেতে তার লাশ দেখে প্রতিবেশীরা খবর দেয়।তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বলেন, ময়নাতদন্তের জন্য রাকিবুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
সাংবাদিক মামুনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলার স্থানীয় সাংবাদিক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আল মামুনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন সেখানকার সাংবাদিকেরা।সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক রবিউল ইসলাম, ইকবাল কবির, বেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সাংবাদিকেরা অভিযোগ করেন, ৪ জুন উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক মামুনের ওপর হামলা হয়।এ ঘটনায় গত সোমবার মামুন বাদী হয়ে আটজনকে আসামি করে সোনাতলা থানায় মামলা করেছেন।কিন্তু ঘটনার পর চার দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিপ্লবী ছাত্র মৈত্রী কর্মীকে মারধর ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
বিপ্লবী ছাত্র মৈত্রীর কর্মী মুনীর হোসেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।তবে হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন।ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
ভেড়ামারার শিক্ষক খুনের আসামি ঈশ্বরদীতে গ্রেপ্তার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলামকে (৩৮) পাবনার ঈশ্বরদীতে ধরে গণপিটুনি দিয়েছেন নিহত শিক্ষকের আত্মীয়স্বজনসহ স্থানীয় ব্যক্তিরা।পরে তাঁকে ঈশ্বরদী থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গতকাল বুধবার ঈশ্বরদীর পাকশী এলাকার রূপপুরে এ ঘটনা ঘটে।
গত এপ্রিল মাসের ২৫ তারিখ রাতে প্রধান শিক্ষক মজিবুর রহমান দুর্বৃত্তের হামলায় খুন হন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন বলেন, শিক্ষক খুনের আসামি কামরুলকে আগে থেকেই অনুসরণ করছিলেন নিহত শিক্ষকের আত্মীয়স্বজন।শেষ পর্যন্ত গতকাল দুপুরে কামরুলকে পাকশীতে হাতের নাগালে পেয়ে ধাওয়া করলে স্থানীয় ব্যক্তিরাও তাঁদের সঙ্গে যোগ দেন।শেষ পর্যন্ত কামরুলকে ধরে গণপিটুনি দেন তাঁরা।
কামরুল শিক্ষক মজিবুর রহমান হত্যা মামলার ৪ নম্বর আসামি।