কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এই মামলা করেন। এদিকে বাড়ির মালিক নাসিমা খাতুনকে গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামের অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ২১ ঘণ্টার এই যৌথ অভিযান দিবাগত রাত নয়টায় সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে ওই বাড়ি থেকে তিন নারী জঙ্গিসহ দুই শিশুকে থানায় নেওয়া হয়। পরে বাড়ির মালিক নাসিমাকে থানায় নেওয়া হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার প্রথম আলোকে বলেন, জঙ্গিদের সঙ্গে বাড়ির মালিকের যোগাযোগ থাকতে পারে, এ জন্য তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে পরে নারী জঙ্গিদের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তিনি জানান, নাসিমা খাতুন ২০১০ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর রোকন ছিলেন। পরে রোকন পদ ছেড়ে দেন বলে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।
বামনপাড়ার তালতলার ওই বাড়ি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে ওই বাড়ির সামনে গেলে ১০ জন পুলিশকে বাড়ির তিন পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা পালাক্রমে বাড়িটি নজরে রাখছেন বলে এক পুলিশ সদস্য জানান। বাড়ির ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
পুলিশ বলছে, টলি আরার স্বামী আরমান আলী ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুরের বাসিন্দা। উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে। টলির প্রথম স্বামী ভেড়ামারা দৌলতপুরের শীর্ষ চরমপন্থী লালচাঁদ বাহিনীর প্রধান লালচাঁদের (ক্রসফায়ারে নিহত) সেকেন্ড ইন কমান্ড নান্টু গুড়ি। তিনিও ক্রসফায়ারে নিহত হন। টলি খাতুন দীর্ঘদিন ধরে ভেড়ামারা শহরে বসবাস করছেন।
নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসানের স্ত্রী তিথীর পুরো নাম আশরাদী জাহান (৩০)। তিথীর বাড়ি নওগাঁয়। আর আইয়ুব বাচ্চুর বাড়ি রাঙামাটিতে। সংগঠনটির আর্চার রাজিকুল ওরফে তালহার স্ত্রী সুমাইয়ার পুরো নাম মাহমুদা খাতুন (২১)। বাড়ি নাটোরে।
গতকাল বিকেলে ভেড়ামারা থানায় গিয়ে দেখা যায়, হাজতখানার ভেতরে তিন নারী মাথায় ওড়না ও পরিপাটি হয়ে চাদরের বিছানার ওপর বসে আছেন। পাশেই তাঁদের দুই শিশু। সেখানে একটি স্ট্যান্ড ফ্যানে বাতাস দেওয়া হচ্ছিল।
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তিন নারীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও কয়েকজনের নাম রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম বলা যাচ্ছে না। অজ্ঞাত আসামিও রয়েছে।
নাটোরে কাউন্সিলরসহ আটক আরও ৩
নাটোর প্রতিনিধি জানান, কাউন্টার টেররিজম ইউনিট নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা নান্নু শেখসহ তিনজনকে গতকাল রোববার ভোরে আটক করেছে। এর আগে শুক্রবার রাতে কাউন্সিলরের স্ত্রী, ছোট ভাই ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তবে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের ভাষ্যমতে, কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। জঙ্গিদের সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কি না, তা যাচাই-বাছাই করতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে আনা হয়েছে।
আটকের আগে নান্নু শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, তাঁর বোন চামেলি বেগমের জামাই মাসুদ হাসানের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে পুলিশ তাঁকে জানিয়েছে। পুলিশ মূলত তাঁকে গ্রেপ্তারের জন্যই তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে।